রূপনারায়ণপুরে জেবি ইউনিটের উদ্যোগে রক্তদান শিবির, সমাজসেবায় একগুচ্ছ নতুন অঙ্গীকার
চিত্তরঞ্জন প্রসাদ, সালানপুর:- গ্রীষ্মের রক্তসংকট দূর করতে এবং সামাজিক দায়বদ্ধতা থেকে রূপনারায়ণপুরে আয়োজিত হলো একটি স্বেচ্ছায় রক্তদান শিবির। আজ হিন্দুস্তান কেবলসের লেক মার্কেট এলাকায় ‘জেবি ইউনিট’-এর ব্যবস্থাপনায় এই শিবিরের আয়োজন করা হয়। এলাকার সাধারণ মানুষ ও যুবসমাজের মধ্যে এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ দেখা যায়।
এদিনের এই মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাবনির বিধায়কের পিতা তথা বিজেপি নেতা অমল রায়। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি নেতা গোপাল রায়, সঞ্জয় শর্মা সহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সমাজ কর্মীরা। অতিথিরা উদ্যোক্তাদের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানান এবং বর্তমান সময়ে রক্তদানের গুরুত্ব তুলে ধরেন।শিবির চলাকালীন জেবি ইউনিটের সদস্যরা জানান, শুধুমাত্র রক্তদান শিবিরেই তাঁদের কর্মযজ্ঞ থমকে থাকবে না। আগামী দিনে এলাকার মানুষের স্বার্থে একগুচ্ছ সমাজসেবামূলক কাজ করার পরিকল্পনা রয়েছে তাঁদের। এর মধ্যে উল্লেখযোগ্য হলো অসহায় ও দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে খুব শীঘ্রই বস্ত্র বিতরণ কর্মসূচি নেওয়া হবে।প্রকৃতির ভারসাম্য রক্ষা ও পরিবেশকে সবুজ করে তুলতে বড় মাপের বৃক্ষরোপণ উৎসব করা হবে।যে সমস্ত ছাত্র-ছাত্রী আর্থিক বা অন্যান্য কারণে শিক্ষাক্ষেত্রে পিছিয়ে পড়ছে, তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য সব ধরনের সহযোগিতা করা হবে।
জেবি ইউনিটের প্রতিনিধিরা স্পষ্ট জানান, এই সমস্ত সামাজিক লক্ষ্য ও অঙ্গীকার বুকে নিয়েই আগামী দিনে তাঁরা আরও দৃঢ়ভাবে এগিয়ে চলতে চলেছেন। আজকের এই রক্তদান শিবিরের সাফল্য তাঁদের আগামী দিনের কাজের প্রেরণা জোগাবে।
Comments
Post a Comment