সাংবাদিক নিগ্রহের প্রতিবাদে ডায়মন্ড হারবারে প্রতিবাদ মিছিল ও পথসভা
রমেশ রায়, ডায়মন্ড হারবার:- কলকাতায় নিট পরীক্ষায় প্রশ্নফাঁসের প্রতিবাদে আয়োজিত মিছিল কভার করতে গিয়ে সাংবাদিক ও সংবাদমাধ্যমের কর্মীদের ওপর হামলার অভিযোগের প্রতিবাদে ডায়মন্ড হারবারে অনুষ্ঠিত হল প্রতিবাদ মিছিল ও পথসভা।
রবিবার ডায়মন্ড হারবার প্রেস কর্নারের উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদ মিছিলে সকল ধরনের সাংবাদিক বন্ধুরা, চিত্র সাংবাদিক-সহ বিভিন্ন সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত কর্মীরা পা মেলালেন। ডায়মন্ড হারবার জেটিঘাট এলাকা থেকে শুরু হয়ে মিছিলটি স্টেশনবাজার পর্যন্ত পৌঁছায়। শান্তিপূর্ণভাবে সাংবাদিক নিগ্রহের ঘটনার তীব্র প্রতিবাদ জানান মিছিলে অংশগ্রহণকারীরা।
পরবর্তীতে স্টেশনবাজার এলাকায় অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত পথসভা। সেখানে বক্তারা সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর হামলার তীব্র নিন্দা জানান। অভিযুক্তদেরকে দ্রুত চিহ্নিত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলা হয়। পাশাপাশি সংবাদ সংগ্রহের সময় সাংবাদিক ও সংবাদমাধ্যমের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানানো হয়।
বক্তারা বলেন, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষা করা অত্যন্ত জরুরি। সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। এই ধরনের ঘটনার বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ও দ্রুত পদক্ষেপ নিতে হবে।
সাংবাদিকদের বক্তব্য, সংবাদমাধ্যমের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ অত্যন্ত জরুরি।
Comments
Post a Comment