​বর্ষায় মাথার ছাদ নেই, ডিভিসির উচ্ছেদ অভিযানে দিশেহারা কয়েকশো পরিবার


অঙ্কিতা চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

      প্রতিশ্রুতি আর বাস্তবের ফারাক যেন আজ আরও একবার প্রকট হলো। এক মাসের সময়সীমা শেষ হতেই ফের স্বমূর্তিতে দামোদর ভ্যালি কর্পোরেশন (DVC)। ভরা বর্ষার মরশুমে কড়া নিরাপত্তার ঘেরাটোপে বুলডোজার নামিয়ে ডিভিসির লেফ্ট ব্যাংক এলাকায় শুরু হলো চূড়ান্ত উচ্ছেদ অভিযান। প্রায় ২২ বছর ধরে মাথা গোঁজা এই বাসিন্দারা এখন দুর্যোগের দিনে খোলা আকাশের নিচে।

       ​গত ১৫ জুন প্রথম দফার উচ্ছেদের পর বিধায়কের মধ্যস্থতায় সাময়িক বিরতি মিললেও, এদিন ফের তোড়জোড় শুরু করে ডিভিসি কর্তৃপক্ষ। এলাকাটি কার্যত পুলিশি ও ডিভিসি সুরক্ষাবাহিনীর দুর্গে পরিণত হয়। ডিভিসির ডিজিএম-এর ঘোষণা অনুযায়ী, লেফ্ট ব্যাংকের মোট ১১০টি আবাসন ভাঙার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বুলডোজারের তাণ্ডবে এলাকাটি আজ জনশূন্য।

      ​ভুক্তভোগীদের আর্তনাদ, "সাড়ে চারশো পরিবারের ভবিষ্যৎ আজ অনিশ্চিত। বর্ষার দিনে এই অমানবিক উচ্ছেদ আমাদের কোথায় ঠেলে দিল?" প্রশাসনের সদুত্তর নেই, কেবল ঘর হারানোর হাহাকারেই ভারী হচ্ছে লেফ্ট ব্যাংকের আকাশ।

Comments