জাতীয় সড়কের পরিকাঠামো উন্নয়নে উচ্চপর্যায়ের বৈঠক, গুরুত্ব আন্ডারপাস ও ওভারব্রিজে
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
রাজ্যের ১৯ নং জাতীয় সড়কের অবস্থার আরও উন্নতির লক্ষ্যে মঙ্গলবার একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হলো। আসানসোলে অবস্থিত পশ্চিম বর্ধমান জেলাশাসক কার্যালয়ে ডিএম এস পোন্নাবলমের সভাপতিত্বে এই বৈঠকটি হয়। বৈঠকে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (NHAI), আসানসোল পুরনিগম, পুলিশ কমিশনারেট এবং ইসিএলের উচ্চপদস্থ আধিকারিকেরা উপস্থিত ছিলেন।
বৈঠকে জাতীয় সড়কে যানচলাচলের ক্রমবর্ধমান চাপ, সড়ক নিরাপত্তা এবং দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ঘন ঘন দুর্ঘটনা রোধে কাল্লা মোড় ও শীতলা মোড়ে বিশেষ পরিকাঠামো গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে শীতলা মোড়ে একটি আন্ডারপাস এবং কাল্লা মোড়ে ওভারব্রিজ নির্মাণের প্রস্তাব রয়েছে। পাশাপাশি, উখরা এলাকায় যানজট সামাল দিতে ১৯ নং জাতীয় সড়ককে চার থেকে ছয় লেনে প্রশস্ত করার বিষয়েও আলোচনা হয়।
এছাড়াও, সড়কের নিয়মিত রক্ষণাবেক্ষণ, নতুন সেতু নির্মাণ, উন্নত সাইনবোর্ড বসানো, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, সার্ভিস রোড ও জরুরি পরিষেবা শক্তিশালী করার ওপর জোর দেওয়া হয়। রাতের অন্ধকারে দুর্ঘটনা হ্রাসে অতিরিক্ত পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
জেলা প্রশাসন ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের এই উদ্যোগের ফলে আগামী দিনে যাতায়াত আরও নিরাপদ ও দ্রুততর হবে বলে আশা করা হচ্ছে।
Comments
Post a Comment