খনির পাশেই ধসের আতঙ্ক, খোলা মাঠে আশ্রয় শতাধিক পরিবারের
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
খনি ধসের ঘটনায় ফের চরম আতঙ্ক ছড়াল পশ্চিম বর্ধমান জেলার অন্ডালের খান্দরা পঞ্চায়েতের নীলকণ্ঠতলা সংলগ্ন ধোবাপাড়া এলাকায়। ইসিএলের বাঁকোলা এরিয়ার বিশ্বেশ্বরী কোলিয়ারির মাত্র ২০০ মিটার দূরে মঙ্গলবার আচমকাই একাধিক বাড়িতে ফাটল দেখা দেয় এবং মাটি কেঁপে ওঠে। প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে খোলা মাঠে আশ্রয় নিয়েছেন শতাধিক পরিবারের বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ প্রবল কম্পনের সঙ্গে বাড়িঘর কেঁপে উঠলে মুহূর্তের মধ্যেই কয়েকটি বাড়ির মেঝে ও দেওয়ালে ফাটল দেখা দেয়। ভয়ে বহু মানুষ প্রয়োজনীয় জিনিসপত্রটুকুও নেওয়ার সুযোগ না পেয়ে দ্রুত নিরাপদ স্থানে চলে আসেন।
খবর পেয়ে অন্ডাল থানার উখড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরে যাওয়ার নির্দেশ দেয়। বর্তমানে ধসপ্রবণ এলাকার একটি খোলা মাঠে অস্থায়ীভাবে দিন কাটাচ্ছেন আতঙ্কিত মানুষেরা।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকায় ধসের আশঙ্কা ছিল। এর আগে জামবাদ খনি এলাকায় ধসে বাড়ি তলিয়ে যাওয়ার ও এক মহিলার মৃত্যুর ঘটনা ঘটলেও প্রশাসন স্থায়ী পুনর্বাসনের প্রতিশ্রুতি রক্ষা করেনি।
প্রাথমিক অনুমান, বিশ্বেশ্বরী কোলিয়ারির ভূগর্ভ থেকে কয়লা উত্তোলনের ফলে ফাঁপা স্তর তৈরি হওয়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যদিও কোলিয়ারি কর্তৃপক্ষের তরফে এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি। বর্ষার দিনে ছোট শিশু ও প্রবীণদের নিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নেওয়া এই পরিবারগুলি দ্রুত স্থায়ী পুনর্বাসন, ত্রাণ এবং বিশেষজ্ঞদের দিয়ে ঘটনার উচ্চপর্যায়ের তদন্ত দাবি করেছেন।
Comments
Post a Comment