বিশ্ব পরিবেশ দিবসে বারাবনি থানায় সবুজের বার্তা
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুক্রবার পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করল বারাবনি থানা। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার নিদর্শন হিসেবে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এদিন থানার ভারপ্রাপ্ত আধিকারিক ও অন্যান্য পুলিশকর্মীরা থানার চত্বরে ফাঁকা জায়গায় বিভিন্ন পরিবেশবান্ধব ও মূল্যবান গাছের চারা রোপণ করেন। শুধু গাছ লাগানো নয়, রোপণ করা চারাগুলি নিয়মিত পরিচর্যা করে বড় করে তোলার দায়িত্বও নিয়েছেন তাঁরা। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা তুলে ধরে পুলিশকর্মীরা সাধারণ মানুষকেও বেশি করে গাছ লাগানোর জন্য উৎসাহিত করেন।
থানার এই ব্যতিক্রমী ও গঠনমূলক উদ্যোগ এলাকার মানুষের মধ্যে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে। স্থানীয়দের মতে, প্রশাসনের এ ধরনের সক্রিয় ভূমিকা পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে। আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও সুস্থ পৃথিবী গড়ে তুলতেই পুলিশ প্রশাসনের এই অঙ্গীকারবদ্ধ প্রয়াস বলে মনে করছেন এলাকাবাসী।
Comments
Post a Comment