ডিভিসির উচ্ছেদ অভিযান আপাতত স্থগিত, বিধায়কের হস্তক্ষেপে স্বস্তি বাসিন্দাদের
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
ডিভিসি-র লেফ্ট ব্যাংক এলাকায় অবৈধভাবে দখল করে থাকা ১১০টি আবাসন উচ্ছেদের প্রক্রিয়া শুরু হতেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। সোমবার সকালে বুলডোজার ও বিশাল পুলিশ বাহিনী নিয়ে কর্তৃপক্ষ অভিযান শুরু করলে ৫টি আবাসন ভেঙে ফেলা হয়। কিন্তু গৃহহীন হওয়ার আশঙ্কায় স্থানীয় বাসিন্দারা বারাবনির বিধায়ক অরিজিৎ রায়ের দ্বারস্থ হন।
বিধায়ক অরিজিৎ রায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং বিজেপি নেতৃত্বদের নিয়ে ডিভিসি কর্তৃপক্ষের সাথে আলোচনায় বসেন। বিধায়ক জানান, আবাসনগুলি ডিভিসির সম্পত্তি হলেও বর্ষার মরসুমে এভাবে মানুষকে উচ্ছেদ করা অমানবিক। বিধায়কের অনুরোধে ডিভিসি কর্তৃপক্ষ আপাতত এক মাসের জন্য উচ্ছেদ প্রক্রিয়া স্থগিত রাখতে সম্মত হয়েছে।
ডিভিসির ডিজিএম শুকুময় নায়েক জানান, বারবার নোটিশ দেওয়া সত্ত্বেও বাসিন্দারা জায়গা খালি করেননি। তবে বিধায়কের মানবিক আবেদনে সাড়া দিয়ে বর্তমানে যে
আবাসনগুলিতে মানুষ বসবাস করছেন, তাদের এখনই সরানো হবে না। বাসিন্দারা আগামী এক মাস সময় পেয়েছেন নিজেদের বিকল্প ব্যবস্থা করার জন্য। তবে যেসব আবাসন আগে থেকেই খালি ছিল, সেগুলি ভাঙার কাজ নিয়মমাফিক চলবে। জানা গেছে, ওই জায়গা খালি করে ডিভিসি ভবিষ্যতে একটি আধুনিক পার্ক তৈরির পরিকল্পনা নিয়েছে। বিধায়কের হস্তক্ষেপে বাসিন্দারা সাময়িক স্বস্তি পেলেও, এক মাস পর তাদের আবাসন খালি করতেই হবে।
Comments
Post a Comment