বালি বোঝাই ট্রাক্টর আটক- বিধায়কের হস্তক্ষেপে মুক্ত গাড়ি
সৌভিক সিকদার, নিউজ হিন্দুস্থান -:
বেআইনি বালি পাচারের অভিযোগ তুলে শোকনা গ্রামে ৩০টিরও বেশি বালি বোঝাই ট্রাক্টর আটকে রাখার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল। গ্রামবাসীদের অভিযোগ, সমস্ত বালি অবৈধ। মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে ট্রাক্টর মালিক ও চালকদের মারধর করার অভিযোগ ওঠে স্থানীয় কিছু মদ্যপ যুবকের বিরুদ্ধে। বৈধ চালান থাকা সত্ত্বেও টাকা দাবি করার অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে।
মঙ্গলবার সকাল থেকেই গ্রামের মানুষ বিক্ষোভ দেখাতে শুরু করলে কাঁকসা থানা ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দপ্তর ৩০টিরও বেশি ট্রাক্টর আটক করে তদন্ত শুরু করে। বৈধ কাগজ থাকা সত্ত্বেও কেন টাকা দিতে হবে, এই দাবিতে ট্রাক্টর মালিকরা এদিন বিকালে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের সামনে পাল্টা বিক্ষোভ দেখান।
পরিস্থিতি জটিল হতে দেখে দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘরুই ঘটনার সমাধানে হস্তক্ষেপ করেন। তার নির্দেশে প্রতিনিধিরা প্রশাসনের সঙ্গে কথা বলে সঠিক কাগজপত্র খতিয়ে দেখে ট্রাক্টরগুলি ছাড়ার ব্যবস্থা করেন। বুধবার কাঁকসা ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের পক্ষ থেকে ২৬টি ট্রাক্টর ছেড়ে দেওয়া হয়, বাকিগুলিও কাগজ পরীক্ষার পর ছাড়া হবে।
ট্রাক্টর মালিকদের দাবি, রাজু আঁকুরে নামে এক রাজনৈতিক নেতার মদতে কিছু যুবক তাদের চোর অপবাদ দিয়ে আটকে রেখেছিল। বিধায়ক ও প্রশাসনের হস্তক্ষেপে তারা মুক্তি পাওয়ায় ধন্যবাদ জানিয়েছেন। তবে মালিকদের আরও অভিযোগ, বৈধভাবে বালি কিনলেও তাদের সরকারের বেঁধে দেওয়া মূল্যের চেয়ে বেশি দাম দিতে হচ্ছে। প্রশাসন যেন এই বিষয়ে নজর দেয়, সেই আর্জিও জানিয়েছেন তারা। এই ঘটনায় স্থানীয় রাজনৈতিক প্রভাব ও তোলাবাজির অভিযোগ ঘিরে এলাকায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।
Comments
Post a Comment