বিশ্ব সাইকেল দিবস: সুস্থ পরিবেশ ও স্বাস্থ্য সচেতনতার বার্তা
সংবাদদাতা, নিউজ হিন্দুস্থান -:
৩ জুন বিশ্ব সাইকেল দিবস উপলক্ষ্যে পরিবেশ দূষণ রোধ ও স্বাস্থ্য সচেতনতার বার্তা নিয়ে কাটোয়া শহরে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য সাইকেল র্যালি। ‘মেরা যুব ভারত’, পূর্ব বর্ধমান এবং ‘পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস এন্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন’-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে দুই শতাধিক ক্রীড়াপ্রেমী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
এদিন গঙ্গার তীরবর্তী ঘোষেশ্বর শিব মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে র্যালিটি বারোয়ারি তলা, বড়বাজার, কাছারি রোড ও সুবোধ স্মৃতি হয়ে পুনরায় মন্দির মাঠ প্রাঙ্গণে শেষ হয়। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক শ্রী কৃষ্ণ ঘোষ। তিনি বর্তমান প্রজন্মকে সাইকেল ব্যবহারে উৎসাহিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
র্যালিটির উদ্দেশ্য ছিল স্বল্প দূরত্বে যাতায়াতের জন্য সাইকেল ব্যবহারের অভ্যাস গড়ে তোলা যা একদিকে কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশকে দূষণমুক্ত রাখবে এবং অন্যদিকে শারীরিক সুস্থতা নিশ্চিত করবে। অনুষ্ঠানে ‘মেরা যুব ভারত’-এর প্রজেক্ট অফিসার সুজন ঠাকুর ছাড়াও ক্রীড়া ভারতীর কার্যবাহ সুরেশ সরকার, অনির্বাণ মিশ্র এবং জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক সমর দাস ও সভাপতি তারক চন্দ্র দে সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। জাতীয় ক্রীড়াবিদ অজয় কুমার মন্ডল ও কিশোর কুমার মালাকারের উপস্থিতি তরুণ প্রজন্মের কাছে সাইকেল চালানোর উৎসাহ আরও বাড়িয়ে দেয়। সুস্থ ও ফিট ভারত গড়ার ডাক দিয়ে শেষ হয় এই বিশেষ কর্মসূচি।
Comments
Post a Comment