বার্ণপুরে রাজ্য সরকারের জনকল্যাণ শিবিরের সূচনা
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে সোমবার থেকে পশ্চিম বর্ধমান জেলার বার্ণপুরের সম্প্রীতি ভবনে তিন দিনব্যাপী বিশেষ জনকল্যাণ শিবিরের সূচনা হলো। এদিন সকালে প্রদীপ প্রজ্জ্বলন করে শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। উপস্থিত ছিলেন জেলাশাসক এস. পোন্নাবলম সহ অন্যান্য উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকেরা।
মন্ত্রী জানান, কেন্দ্র ও রাজ্য সরকারের মোট ৫৪টি জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই এই শিবিরের মূল লক্ষ্য। এই শিবির আগামী ১৭ জুন পর্যন্ত চলবে। জেলাশাসক এস. পোন্নাবলম স্পষ্ট করেছেন যে, ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের জন্য যারা ইতিমধ্যে অনলাইনে আবেদন করেছেন, তাদের পুনরায় এখানে আসার প্রয়োজন নেই। তবে অন্যান্য প্রকল্পের সুবিধা পেতে নাগরিকেরা এই শিবিরে আবেদন করতে পারবেন।
বার্ণপুরের পাশাপাশি আসানসোল শহর সহ সমগ্র পশ্চিম বর্ধমান জেলাজুড়ে এই ধরণের জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়েছে, যা স্থানীয় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
Comments
Post a Comment