স্থায়ীকরণের দাবিতে সিএমওএইচ অফিস অভিযান এনএইচএম কর্মীদের
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
দীর্ঘদিনের বেতন বৈষম্য, বঞ্চনা ও কর্মসংস্থানের অনিশ্চয়তা দূর করে স্থায়ীকরণের দাবিতে বুধবার আসানসোলের কল্যাণপুরে পশ্চিম বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের (CMOH) দফতর অভিযান করলেন জাতীয় স্বাস্থ্য মিশন (NHM)-এর চুক্তিভিত্তিক কর্মীরা। এএনএম, স্টাফ নার্স, ফার্মাসিস্ট ও কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টসহ বহু কর্মী এই কর্মসূচিতে অংশ নেন।
আন্দোলনকারীদের অভিযোগ, বাড়ি বাড়ি পরিষেবা, টিকাকরণ ও সরকারি প্রকল্প বাস্তবায়নে তারাই মূল ভরসা। অথচ স্থায়ী কর্মীদের তুলনায় তারা নামমাত্র বেতন পান এবং সামাজিক সুরক্ষা ও অবসরকালীন সুবিধা থেকে বঞ্চিত। আশা কর্মীদের ভাতা বৃদ্ধির পর বেতন বৈষম্যের বিষয়টি আরও স্পষ্ট হয়েছে বলে তাদের দাবি। সমকাজে সমবেতন ও চাকরির নিরাপত্তার দাবিতে তারা সরব হন।
সিএমওএইচ ডাঃ ইউনুস জানান, আন্দোলনকারী প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। তাদের দাবিপত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। দ্রুত সমাধানের আশ্বাসে আপাতত পরিস্থিতি শান্ত রয়েছে।
Comments
Post a Comment