কয়লা পাচারকাণ্ডে ইডির জালে আসানসোল-দুর্গাপুরের পুলিশকর্তা
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলের বহুল চর্চিত কয়লা পাচার মামলায় এবার বড়সড় সাফল্য পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। আর্থিক কেলেঙ্কারি ও পাচারচক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কলকাতার নিজাম প্যালেসে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হলো আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিশেষ শাখায় কর্মরত পুলিশকর্তা মনোরঞ্জন মণ্ডলকে।
তদন্তকারী সূত্রে খবর, কয়লা ও বালি পাচারের মাধ্যমে অর্জিত বিপুল পরিমাণ অর্থের লেনদেনের বিষয়টি দীর্ঘদিন ধরেই ইডির স্ক্যানারে ছিল। এর আগে তার বাড়িতে ও বিভিন্ন ডেরায় তল্লাশি চালিয়ে তদন্তকারীরা বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও আর্থিক তথ্যের হদিশ পেয়েছিলেন। অভিযোগ, বারবার তলব করা সত্ত্বেও তদন্তে তিনি পূর্ণ সহযোগিতা করছিলেন না।
একসময় কমিশনারেটের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলানো মনোরঞ্জন মণ্ডল অতীতেও থানার ভেতরে রাজনৈতিক নেতার জন্মদিন পালন করে বিতর্কে জড়িয়েছিলেন। সেই ঘটনায় প্রশাসনিক শাস্তির মুখেও পড়তে হয়েছিল তাকে। এবার নিজাম প্যালেস থেকে তার সরাসরি গ্রেফতারি শিল্পাঞ্চলের প্রশাসনিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি করেছে।
তদন্তকারীদের দাবি, এই গ্রেফতারি কয়লা পাচার মামলার শিকড় পর্যন্ত পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এখন প্রশ্ন উঠছে, এই পুলিশকর্তার তথ্যের ভিত্তিতে তদন্তের জালে আর কোন কোন প্রভাবশালী ব্যক্তি উঠে আসেন।
Comments
Post a Comment