আউশগ্রামে বড় দলবদল: কংগ্রেসে যোগ দিলেন ৫০টি পরিবার
সৌভিক সিকদার, নিউজ হিন্দুস্থান -:
কাঁকসার সাফল্যের পর এবার আউশগ্রামের রঘুনাথপুর গ্রামে রাজনৈতিক পটপরিবর্তন লক্ষ্য করা গেল। বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে প্রায় ৫০টি পরিবার আনুষ্ঠানিকভাবে জাতীয় কংগ্রেসে যোগদান করলেন। আউশগ্রাম ২ নম্বর ব্লকের রঘুনাথপুরে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে ব্লক সভাপতি খুরশিদ আলম এবং বিশিষ্ট নেতা সামসুদ্দিন শেখের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন নতুন সদস্যরা।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁকসার কার্যকরী সভাপতি মোজাম্মেল হক, ব্লক সভাপতি পুরব ব্যানার্জ্জী, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবাশীষ বিশ্বাস এবং ধর্মেন্দ্র শর্মার মতো নেতৃত্ব। একসময় বাম ও তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই অঞ্চলে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের পর বিজেপির প্রভাব বাড়লেও, সাধারণ মানুষ পুনরায় কংগ্রেসের ওপরই আস্থা রাখছেন বলে জানান নেতৃত্ব।
দলীয় সূত্রে খবর, কাঁকসায় ১৫০টি পরিবারের যোগদানের খবর শুনে উৎসাহিত হয়েই রঘুনাথপুরের এই ৫০টি পরিবার কংগ্রেসে যোগদানের ইচ্ছা প্রকাশ করে। এই নতুন যোগদান আউশগ্রাম ২ নম্বর ব্লকে দলের সাংগঠনিক শক্তি বহুগুণ বাড়িয়ে তুলল বলে মনে করছে জেলা নেতৃত্ব। আগামী দিনে আরও বহু মানুষ কংগ্রেসে নাম লেখাবেন বলে আশা প্রকাশ করেছেন নেতারা।
Comments
Post a Comment