অবৈধ পাথর খাদান মামলায় গ্রেফতার তৃণমূল নেতা ভোলা সিং
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
দীর্ঘ টানাপোড়েনের অবসান ঘটিয়ে অবশেষে পুলিশের জালে বারাবনি বিধানসভার সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি বিজয় সিং, যিনি এলাকায় ‘ভোলা সিং’ নামেই পরিচিত। অবৈধ পাথর খাদান চালানোর অভিযোগে বৃহস্পতিবার রাতে পাঁচগাছিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে সালানপুর থানার পুলিশ।
বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই ভোলা সিং এলাকাছাড়া ছিলেন। গত ৪ মে তার দলীয় কার্যালয়ে জনতাণ্ডবের ঘটনার পর থেকেই তার গ্রেফতারি নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে ছিল। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি কল্যাণজিৎপুর এলাকা থেকে চার পাথর কারবারিকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালায় রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ। সেই সূত্র ধরেই ভোলা সিংয়ের খোঁজ মেলে।
যদিও ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার কিছু অভিযোগ তার বিরুদ্ধে থাকলেও, এবারের গ্রেফতারি মূলত পাথর খাদান সংক্রান্ত মামলার পরিপ্রেক্ষিতেই হয়েছে। শুক্রবার তাকে কুলটি থানা থেকে কড়া পুলিশি নিরাপত্তায় আসানসোল আদালতে পেশ করা হয়। নিরাপত্তার খাতিরে আদালতে নিয়ে যাওয়ার সময় তাকে হেলমেট পরানো ছিল। পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানিয়েছে।
তদন্তকারী অফিসারদের মতে, রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে পাথর মাফিয়া চক্রের সাথে তার সংযোগ এবং অন্যান্য অভিযোগের সত্যতা যাচাই করা হবে। এই গ্রেফতারিকে কেন্দ্র করে আসানসোল-বারাবনি শিল্পাঞ্চলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
Comments
Post a Comment