আসানসোল-দুর্গাপুরে মেট্রোর আশ্বাস, দামোদরের স্থায়ী সেতুর দাবিতে নীরব বাজেট
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ রাজ্য বাজেটে আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চল ও শিলিগুড়িতে মেট্রো রেল পরিষেবা চালুর লক্ষ্যে টেকনো-ইকোনমিক সমীক্ষার ঘোষণার পরেই মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। উন্নয়নের এই ঘোষণাকে স্বাগত জানালেও, পশ্চিম বর্ধমানের বাসিন্দাদের একাংশের মধ্যে প্রবল হতাশা তৈরি হয়েছে বার্ণপুরের দামোদর নদের উপর স্থায়ী সেতু নির্মাণের দাবি উপেক্ষিত হওয়ায়।
দীর্ঘদিন ধরেই বার্ণপুরের ল্যামেয়ার বা নেহেরু পার্ক সংলগ্ন দামোদর নদে একটি স্থায়ী সেতুর দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা। আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক তথা পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল অতীতে বেশ কয়েকবার অস্থায়ী সেতু পরিদর্শন করে স্থায়ী নির্মাণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছিলেন। ফলে এবারের বাজেটে প্রকল্পের বরাদ্দ বা ঘোষণার আশায় ছিলেন এলাকাবাসী। কিন্তু বাজেটে মেট্রোর সম্ভাব্যতা নিয়ে আলোচনার পাশাপাশি এই গুরুত্বপূর্ণ সেতুর কোনো উল্লেখ না থাকায় ক্ষোভ দানা বেঁধেছে।
সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর চর্চা। সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াতের জন্য অপরিহার্য এই সেতুর বিষয়টি কেন বাজেটে স্থান পেল না, তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। মেট্রো প্রকল্পের দূরদর্শী উন্নয়নকে সাধুবাদ জানালেও স্থানীয় মানুষের কাছে এই স্থায়ী সেতুই বর্তমানে বড় স্বস্তি। এখন রাজ্য সরকার এই বিষয়ে কোনো সদর্থক পদক্ষেপ গ্রহণ করে কি না সেদিকেই তাকিয়ে রয়েছে শিল্পাঞ্চলের মানুষ।
Comments
Post a Comment