বারাবনিতে চাঞ্চল্য: ভোট-পরবর্তী হিংসার মামলায় গ্রেফতার তৃণমূল নেতার ভাই


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

    ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার একটি মামলায় গ্রেফতার হলেন বারাবনি ব্লক তৃণমূল সভাপতি অসিত সিংহের ভাই ইন্দ্রজিৎ সিংহ ওরফে পিন্টু। বুধবার কঠোর পুলিশি ও কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় তাকে আসানসোল আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে পুলিশ অভিযুক্তকে সাত দিনের পুলিশি রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়েছে।

      ​এই গ্রেফতারিকে কেন্দ্র করে বারাবনির রাজনৈতিক মহলে নতুন করে আলোড়ন শুরু হয়েছে। বিরোধীদের দাবি, ভোট-পরবর্তী অশান্তির ঘটনায় অভিযুক্তদের তালিকায় ইন্দ্রজিৎ সিংহের নাম দীর্ঘসময় ধরেই চর্চায় ছিল। স্থানীয় স্তরে অভিযোগ, রাজনৈতিক ক্ষমতার ছত্রছায়ায় টেন্ডার ও বিভিন্ন সরকারি প্রকল্পে ইন্দ্রজিৎ সিংহের একচ্ছত্র প্রভাব ছিল। যদিও এই অভিযোগগুলির সত্যতা এখনও বিচারাধীন।

      ​মঙ্গলবার আদালত চত্বরে তাকে ঘিরে তীব্র উত্তেজনা দেখা দেয়। অতীতে তার বিরুদ্ধে ক্ষোভ পোষণ করা স্থানীয় মানুষজন আদালত চত্বরে ভিড় করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ দ্রুত হস্তক্ষেপে অভিযুক্তকে নিরাপত্তার বলয়ে সরিয়ে নিয়ে যায়।

       ​বারাবনির রাজনৈতিক সমীকরণ বর্তমানে এই গ্রেফতারিকে কেন্দ্র করে উত্তপ্ত। এই পদক্ষেপ কি কেবলই আইনি প্রক্রিয়া, নাকি এর আড়ালে লুকিয়ে রয়েছে বড় কোনো রাজনৈতিক পটপরিবর্তন? এই প্রশ্নই এখন স্থানীয় মহলে বড় হয়ে দেখা দিয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সবকটি দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে নতুন কোনো তথ্য উঠে আসে কি না, সেদিকেই তাকিয়ে গোটা এলাকা।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

ইন্ডিয়া পাওয়ার কর্পোরেশন লিমিটেডের ১০৪ বছর প্রতিষ্ঠা দিবস উদযাপন