ভাইস প্রিন্সিপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার অভিযুক্ত
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
স্কুলের মতো পবিত্র স্থানে নাবালিকা ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে উত্তাল অন্ডালের উখড়া। শনিবার অন্ডাল থানার অন্তর্গত উখড়া এলাকার সিবিএসই অনুমোদিত একটি ইংরেজি মাধ্যম স্কুলের ভাইস প্রিন্সিপাল রাজা প্রসাদের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ ওঠে।
পুলিশ সূত্রে জানা গেছে, ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে অফিসের ভেতরে ডেকে নিয়ে গিয়ে অভিযুক্ত শিক্ষক একাধিকবার শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ। ঘটনার কথা জানতে পেরে ছাত্রীর পরিবার শনিবার অন্ডাল থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে তৎক্ষণাৎ সক্রিয় হয় পুলিশ এবং ওই রাতেই অভিযুক্তকে উখড়া ফাঁড়ির পুলিশ গ্রেপ্তার করে। রবিবার তাকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়েছে।
ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্কুলের ভেতরে এমন ন্যক্কারজনক ঘটনায় অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন স্থানীয়রা।
তদন্তের স্বার্থে পুলিশ অভিযুক্তকে হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে এবং নির্যাতিতা ছাত্রীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন করেছে। ঘটনাটির সত্যতা যাচাইয়ে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।
Comments
Post a Comment