পুলিশি হেফাজতে ধৃত নেতাদের রাস্তায় হাঁটানো, নজিরহীন দৃশ্য বার্ণপুর ও সালানপুরে
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
রাজ্যের বিভিন্ন প্রান্তে পুলিশি হেফাজতে থাকা প্রভাবশালী রাজনৈতিক নেতাদের রাস্তায় হাঁটিয়ে নিয়ে যাওয়ার ঘটনা নিয়ে বাড়ছে বিতর্ক। মঙ্গলবার সকালে পশ্চিম বর্ধমানের বার্নপুর ও সালানপুর- উভয় এলাকাতেই ধৃত তৃণমূল নেতাদের প্রকাশ্য রাস্তায় হাঁটানোর ঘটনায় আইন-শৃঙ্খলার ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে।
মঙ্গলবার সকালে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের হিরাপুর থানার পুলিশ প্রতারণা ও অবৈধ অস্ত্র মামলায় ধৃত তৃণমূল নেতা সৈয়দ ইকবালকে কোমরে দড়ি বেঁধে বার্নপুরের সুভাষ পল্লী থেকে রহমত নগর মোড় পর্যন্ত হাঁটিয়ে নিয়ে যায়। অন্যদিকে, সালানপুরের রূপনারায়ণপুরেও একই ধরনের ঘটনার সাক্ষী থাকল স্থানীয়রা। পাথর খাদান মামলায় ধৃত সালানপুর ব্লক তৃণমূলের সহ-সভাপতি বিজয় সিং ওরফে ভোলা সিংকে হাফপ্যান্ট পরিয়ে রূপনারায়ণপুর বাসস্ট্যান্ড থেকে সবজি বাজার পর্যন্ত হাঁটিয়ে নিয়ে যায় পুলিশ। দুক্ষেত্রেই ধৃতদের দেখতে রাস্তায় ভিড় জমান স্থানীয়রা এবং রূপনারায়ণপুরে ‘চোর’ স্লোগানও শোনা যায়।
পুলিশি হেফাজতে থাকাকালীন অভিযুক্তদের এভাবে প্রকাশ্যে হাঁটানো আইনত কতটা সঙ্গত, তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। ওয়াকিবহাল মহলের একাংশের মতে, এটি অভিযুক্তের মানবাধিকারের পরিপন্থী। যদিও বিজেপি নেতারা এই ঘটনাকে স্বাগত জানিয়ে দাবি করেছেন, এতে অপরাধীদের মনে ভীতি সঞ্চার হবে।
প্রসঙ্গত, সম্প্রতি ফলতার জাহাঙ্গীর খানের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক নেতাদের এভাবে প্রকাশ্যে ঘোরানোর ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। শাসকদলের মতে এটি অপরাধ দমনে প্রশাসনের কঠোর পদক্ষেপ, অন্যদিকে বিরোধীদের মতে এই কর্মকাণ্ড রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বার্নপুর ও সালানপুরের এই ঘটনা রাজ্যের আইন-শৃঙ্খলার পরিস্থিতির ওপর নতুন করে বিতর্কের জন্ম দিল।
Comments
Post a Comment