বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু: ক্ষতিপূরণের দাবিতে উত্তাল আসানসোল
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
আসানসোলের কালিপাহাড়ির বাঘবন্দি এলাকায় একটি বেসরকারি কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুন্না সাউ (৩৮) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যার এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে কারখানা চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। মৃত শ্রমিকের পরিবার ও স্থানীয় বাসিন্দারা উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে কয়েক ঘণ্টা বিক্ষোভ দেখান।
নিহতের সহকর্মীদের অভিযোগ, কারখানার চরম অবহেলার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। চত্বরের বিভিন্ন স্থানে খোলা বৈদ্যুতিক তার পড়ে থাকলেও কর্তৃপক্ষ বারবার সতর্ক করা সত্ত্বেও তা মেরামত করেনি। এছাড়া ইএসআই, পিএফ ও সঠিক মজুরি না দেওয়ার মতো একাধিক অভিযোগও উঠে এসেছে।
এদিন মৃতদেহ নিয়ে বিক্ষোভ চলাকালীন বিজেপি নেতা রাহুল সিনহা ঘটনাস্থলে পৌঁছে নিহতের পরিবারের পাশে দাঁড়ান এবং বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের মাধ্যমে প্রশাসনের কাছে কড়া পদক্ষেপের দাবি জানান। আসানসোল দক্ষিণ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। শেষ পাওয়া খবর পর্যন্ত কারখানা কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া মেলেনি।
Comments
Post a Comment