রূপনারায়ণপুর বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ভস্মীভূত একাধিক দোকান
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
গভীর রাতে বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল রূপনারায়ণপুর সবজি বাজারের বহু দোকান। রবিবার রাত ১১টা নাগাদ বাজারের একটি দোকানে আগুনের লেলিহান শিখা দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানে। আগুনের তীব্রতায় দোকানের ভেতরে থাকা সমস্ত মালপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
ঘটনার খবর পেয়েই স্থানীয় মানুষজন, ব্যবসায়ী ও বিজেপি নেতারা আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়েন। খবর দেওয়া হয় পুলিশ ও দমকল বাহিনীকে। রাস্তা সরু হওয়ায় দমকলের ইঞ্জিন বাজারের ভেতরে ঢুকতে না পারায় দীর্ঘক্ষণের চেষ্টায় দমকলকর্মীরা জলের পাইপ ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন। চিত্তরঞ্জন ও আসানসোল থেকে আসা দমকলের দুটি ইঞ্জিন দীর্ঘ দেড় ঘণ্টার প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিক হিসেবে ২০টিরও বেশি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। গভীর রাতে ঘটনাটি ঘটায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে ব্যবসায়ীরা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। আগুন লাগার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশ ও দমকল বাহিনী বিষয়টি খতিয়ে দেখছে।
Comments
Post a Comment