বকেয়া বিল মেটানোর দাবিতে মেয়রকে স্মারকলিপি ঠিকাদারদের
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
আসানসোল পুরনিগমের ১০৬টি ওয়ার্ডে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ শেষ করেও দীর্ঘ কয়েক বছর ধরে বকেয়া বিল না পাওয়ার অভিযোগে সরব হলেন ঠিকাদাররা। মঙ্গলবার শতাধিক ঠিকাদারের একটি প্রতিনিধিদল আসানসোল পুরনিগমের মেয়রের সঙ্গে দেখা করে অবিলম্বে পাওনা মেটানোর দাবি জানান।
প্রতিনিধিদলের সদস্য তরিৎ রায় জানান, বিগত পাঁচ বছরে রাস্তা, নর্দমাসহ একাধিক প্রকল্পের কাজ করেও প্রায় ৫০০-রও বেশি ঠিকাদার তাদের প্রাপ্য অর্থ পাননি। ফলে তীব্র আর্থিক সংকটের মুখে পড়েছেন তারা।
মেয়র বিধান উপাধ্যায় ঠিকাদারদের আশ্বস্ত করে জানান, প্রকল্পগুলোর জন্য তহবিল বরাদ্দ হলেও বর্তমানে মন্ত্রিসভা গঠন প্রক্রিয়ার জটিলতায় অর্থ ছাড় করতে কিছুটা দেরি হচ্ছে। দ্রুতই সমস্যার সমাধান করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন।
অন্যদিকে, বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। তিনি ঠিকাদারদের বকেয়া মেটানোর পাশাপাশি পুরনিগমের বর্তমান বোর্ডের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছেন। বিধায়কের দাবি, পরিষেবা দিতে ব্যর্থ কাউন্সিলরদের অবিলম্বে পদত্যাগ করা উচিত। এই পরিস্থিতিতে পুরনিগমের উন্নয়নমূলক কাজের ভবিষ্যৎ নিয়ে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।
Comments
Post a Comment