৪৫৫ বছরের ঐতিহ্যবাহী গঙ্গা পূজা: ইছাপুরে দশহরা উপলক্ষে ভক্তদের ঢল
অঙ্কিতা চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
জ্যৈষ্ঠ শুক্লা দশমী তিথিতে পরম ভক্তি ও নিষ্ঠার সঙ্গে পালিত হলো ‘গঙ্গা দশহরা’। পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত ইছাপুর গ্রামে এই উপলক্ষ্যে আয়োজিত হয় ৪৫৫ বছরের পুরনো ঐতিহ্যবাহী গঙ্গা পূজা। বুধবার সকাল ১০টা থেকে ১০টা ৩০ মিনিটের মধ্যে প্রথা মেনে পূজার সূচনা হয় এবং বিকেল ৪টা নাগাদ তা সম্পন্ন হয়। পূজা উপলক্ষ্যে আগামী ৯ দিন ঠাকুর মণ্ডপে রাখা হবে বলে জানা গেছে।
পৌরাণিক কাহিনী অনুসারে, রাজা ভগীরথ তাঁর ৬০ হাজার পূর্বপুরুষের মুক্তির জন্য কঠোর তপস্যা করে মা গঙ্গাকে মর্ত্যে নিয়ে এসেছিলেন। মহাদেব তাঁর জটায় গঙ্গার তীব্র বেগ ধারণ করে শান্ত ধারায় মর্ত্যে প্রবাহিত করেছিলেন। এই পুণ্য তিথিতে গঙ্গায় স্নান করলে দশ প্রকার পাপ থেকে মুক্তি পাওয়া যায় বলেই বিশ্বাস। আর সেই বিশ্বাস থেকেই এই দিনটির নাম ‘দশহরা’।
আসানসোল ও দুর্গাপুরের মধ্যবর্তী সমৃদ্ধ গ্রাম ইছাপুর। হেল্থ সেন্টার, ব্যাংক, পোস্ট অফিস ও স্টেডিয়াম সংবলিত এই গ্রামে কয়েক হাজার মানুষের বসবাস। ৪৫৫ বছরের প্রাচীন এই পূজা ঘিরে ইছাপুরে এখন সাজ সাজ রব। পূজা উপলক্ষে বসেছে গ্রামীণ মেলা এবং আয়োজন করা হয়েছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের।
দূর-দূরান্ত থেকে হাজার হাজার ভক্তের সমাগমে মুখরিত হয়ে উঠেছে ইছাপুর এলাকা। ভক্তি ও ঐতিহ্যের এই মহামিলন দেখতে প্রতি বছরই ভিড় জমান আপামর জনসাধারণ।
Comments
Post a Comment