চলন্ত খড়বোঝাই পিকআপ ভ্যানে অগ্নিকাণ্ড, ভষ্মীভূত গাড়ি
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
খড়বোঝাই পিকআপ ভ্যানে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। মঙ্গলবার দুপুরে হিন্দুস্তান কেবলস লোয়ার কেশিয়ার পিছনের দিকে কালীমন্দির-জিতপুর রাস্তায় এই অঘটন ঘটে। অগ্নিকাণ্ডে গাড়িটি সম্পূর্ণ ভষ্মীভূত হয়ে গেলেও অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন চালক।
জানা গেছে, পানুড়িয়া পঞ্চায়েতের কাশকুলি গ্রামের বাসিন্দা গোপীনাথ ঘোষ খড় বোঝাই টাটা পিকআপ ভ্যান নিয়ে চিত্তরঞ্জন রেল শহর সংলগ্ন একটি খাটালে যাচ্ছিলেন। পথে হঠাৎই খড়ে আগুন দেখতে পান তিনি। গাড়ি থামিয়ে চালকের আসন থেকে নামার আগেই দাউদাউ করে জ্বলে ওঠে খড়সহ পুরো গাড়িটি। আগুন নেভানোর চেষ্টায় গোপীনাথবাবু সামান্য আহত হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রূপনারায়ণপুর পুলিশ ও দমকল বাহিনী। তবে ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
গোপীনাথবাবুর অভিযোগ, কোনো দুষ্কৃতী গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। তবে আগুনের উৎস নিয়ে ধন্দ কাটছে না। কীভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয়দের মতে, খড় থেকে শর্ট সার্কিট বা চলন্ত গাড়ি থেকে আগুনের স্ফুলিঙ্গ ছিটকে পড়ে এই বিপত্তি ঘটতে পারে।
Comments
Post a Comment