বিধানসভায় বারাবনির বঞ্চনার কথা বিধায়কের অরিজিৎ রায়ের কণ্ঠে
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
অজয় ও দামোদর নদের মধ্যবর্তী জনপদ বারাবনি হওয়া সত্ত্বেও পানীয় জল ও আবাসের মতো মৌলিক পরিষেবার অভাব নিয়ে শুক্রবার রাজ্য বিধানসভায় সরব হলেন বারাবনির বিজেপি বিধায়ক অরিজিৎ রায়। দীর্ঘদিনের বঞ্চনা ও অবহেলার চিত্র তুলে ধরে তিনি সরকারের উন্নয়নের দাবির কড়া সমালোচনা করেন।
বিধায়ক অরিজিৎ রায় প্রশ্ন তোলেন, পশ্চিম বর্ধমানের এই অঞ্চলে নদী থাকা সত্ত্বেও কেন গত দেড় দশকে সাধারণ মানুষের জন্য স্থায়ী পানীয় জলের ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হলো না? পাশাপাশি, বর্ষা এলেই ভাঙাচোরা ঘরের নিচে অসংখ্য পরিবারের অসহায় দিনযাপনের বাস্তব ছবিও তিনি তুলে ধরেন। তাঁর কথায় উঠে আসে পরিসংখ্যানের বাইরে থাকা সাধারণ মানুষের প্রতিদিনের কঠিন লড়াইয়ের কথা। বিধানসভার এই আলোচনা স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিধানসভার মতো সর্বোচ্চ আইনসভায় বারাবনির জল-সংকট ও আবাসন সমস্যার বিষয়টি স্পষ্টভাবে উত্থাপিত হওয়ায় প্রশাসনের ওপর চাপ সৃষ্টি হবে। এখন দেখার বিষয়, অরিজিৎ রায়ের এই কণ্ঠস্বর কেবল বিধানসভার নথিতেই সীমাবদ্ধ থাকে, নাকি বারাবনির মানুষের জীবনে বাস্তবে উন্নয়নের ছোঁয়া লাগে।
Comments
Post a Comment