১৫ জুন থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে ‘জন কল্যাণ শিবির’
অঙ্কিতা চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
রাজ্যজুড়ে সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা ও বিভিন্ন সুযোগ-সুবিধা আরও সহজলভ্য করে তুলতে আগামীকাল অর্থাৎ ১৫ জুন থেকে ১৭ জুন ২০২৬ পর্যন্ত বিশেষ "জন কল্যাণ শিবির"-এর আয়োজন করা হয়েছে। তিন দিনব্যাপী এই শিবিরে বিভিন্ন সরকারি দপ্তরের মোট ৫৫টি জনকল্যাণমূলক প্রকল্প ও পরিষেবা সম্পর্কে তথ্য প্রদান, সরাসরি নতুন আবেদন গ্রহণ এবং বকেয়া সমস্যার দ্রুত সমাধানের ব্যবস্থা থাকবে।
প্রশাসন সূত্রে জানা গেছে, এই শিবিরে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, শ্রম, ভূমি, সংখ্যালঘু বিষয়ক, মহিলা ও শিশুকল্যাণ, পঞ্চায়েত এবং নগরোন্নয়নসহ একাধিক দপ্তরের গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির সুবিধা এক ছাতার তলায় মিলবে। উল্লেখযোগ্য প্রকল্পগুলির মধ্যে রয়েছে— পিএম-কিসান, কিসান ক্রেডিট কার্ড, আয়ুষ্মান ভারত, পিএম বিশ্বকর্মা, পিএম সূর্য ঘর যোজনা, সুকন্যা সমৃদ্ধি যোজনা, কন্যাশ্রী এবং ই-শ্রম প্রভৃতি।
এছাড়াও, ভূমি সংক্রান্ত রেকর্ড সংশোধন, পাট্টার আবেদন, আধার এনরোলমেন্ট ও বিভিন্ন সরকারি বৃত্তির সুবিধাও প্রদান করা হবে। সাধারণ নাগরিকদের প্রয়োজনীয় নথিপত্রসহ নির্ধারিত তারিখে নিকটবর্তী শিবিরে উপস্থিত থেকে এই সুযোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
Comments
Post a Comment