একটি গাছ মায়ের জন্য’: খুদে পড়ুয়াদের সঙ্গে নিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করল রামদূত মেটলয়েস
সংবাদদাতা, সালানপুর:- "একটি গাছ মায়ের জন্য"— এই মহৎ সংকল্পকে সামনে রেখে বিদ্যালয়ের খুদে পড়ুয়াদের সঙ্গে নিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করল রামদূত মেটলয়েস প্রাইভেট লিমিটেড কারখানা কর্তৃপক্ষ। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ এবং সবুজায়নের বার্তা দিতে এদিন কারখানা চত্বরেই প্রায় ৩০০টি গাছ লাগানো হয়।
পরিবেশ দিবসের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল কোর্টের বিশিষ্ট আইনজীবী পীযুষকান্তি গোস্বামী, কল্যাণেশ্বরী ফাঁড়ির ইনচার্জ শিউলী মণ্ডল, বিজেপি নেতা কৃষ্ণা বাউরী এবং কারখানার হেড জে.পি. সিং সহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতেই কারখানার কর্তৃপক্ষের তরফে আগত অতিথি,বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং শিশুদের গাছ ও উত্তরীয় পরিয়ে আন্তরিকভাবে সম্মানিত করা হয়।শুধুমাত্র কারখানার কর্মীরাই নন, পরিবেশ রক্ষার এই তাগিদে শামিল হয়েছিল বিদ্যালয়ের শিশুরা ও আমন্ত্রিত অতিথিরাও। সকলে মিলে একসঙ্গে চারাগাছ রোপণ করেন।পরিবেশ রক্ষার এই লড়াই শুধু একদিনের ফ্রেমে আটকে রাখতে চায় না কারখানা কর্তৃপক্ষ। আগামী এক মাস ধরে এলাকা জুড়ে বিভিন্ন ধরনের গাছ লাগানোর একটি বৃহৎ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
কারখানার হেড জেপি সিং জানান"একটি গাছ মায়ের জন্য"আমাদের পরিবেশকে সুস্থ, স্বাভাবিক ও সুন্দর রাখতে প্রতিটি মানুষেরই বৃক্ষরোপণ করা অত্যন্ত প্রয়োজন। কারখানার তরফে আমরা এই উদ্যোগ শুরু করেছি এবং আগামী এক মাস ধরে এলাকার বিভিন্ন প্রান্তে আমাদের এই গাছ লাগানোর কর্মসূচি জারি থাকবে।
Comments
Post a Comment