বর্ষা মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ বার্তা মন্ত্রী অগ্নিমিত্রা পালের
অঙ্কিতা চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
বর্ষা শুরু হতেই জনজীবনে যে সমস্যাগুলো তৈরি হয়, তা মোকাবিলায় কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মঙ্গলবার দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে পাঁচ জেলার প্রশাসনিক কর্তাদের নিয়ে এক উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক করেন তিনি। বৈঠকে জল জমা, ডেঙ্গি, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ও সরকারি জমি দখলের মতো বিষয়ে কোনো গাফিলতি বরদাস্ত করা হবে না বলে মন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন।
মন্ত্রী জানান, বর্ষায় জল নিকাশি ব্যবস্থাকে আরও সক্রিয় করতে এলাকাভিত্তিক দায়িত্ব বণ্টন করা হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণহানি এড়াতে ল্যাম্পপোস্ট ও বৈদ্যুতিক সরঞ্জামের নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। ডেঙ্গি মোকাবিলায় নিকাশি নালা পরিষ্কার রাখা এবং জমা জল অপসারণের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে, যাতে স্বাস্থ্য দপ্তরের সাথে সমন্বয় রেখে মানুষের সুরক্ষা নিশ্চিত করা যায়।
পাশাপাশি, সরকারি জমি দখল এবং নদী থেকে অবৈধভাবে জল তোলার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা ঘোষণা করেন মন্ত্রী। বিশেষ করে দামোদর নদী থেকে অবৈধ জল উত্তোলনের বিরুদ্ধে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে, যাতে দুর্গাপুর ও পার্শ্ববর্তী অঞ্চলের জল সরবরাহে ব্যাঘাত না ঘটে।
বৈঠকে উপস্থিত ছিলেন পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া ও বীরভূমের জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনার এবং স্থানীয় বিধায়করা। বর্ষার আগে প্রশাসনের এই প্রস্তুতিকে রাজনৈতিক ও প্রশাসনিক মহল ‘জিরো টলারেন্স’ হিসেবেই দেখছে। মন্ত্রীর এই কড়া বার্তা সরকারি পরিষেবা দানে এক নতুন গতি সঞ্চার করবে বলেই মনে করা হচ্ছে।
Comments
Post a Comment