গ্রেপ্তার অভিযুক্ত, সাফল্য রূপনারায়ানপুর ফাঁড়ির পুলিশের

​ 
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

       চুরির অভিযোগ পাওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই বড়সড় সাফল্য পেল সালানপুর থানার অন্তর্গত রূপনারায়ানপুর ফাঁড়ির পুলিশ। ঘটনার তদন্তে নেমে বিকি বাউরি (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত বিকি স্থানীয় রূপনারায়ানপুর এলাকারই বাসিন্দা।

      ​পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৬ জুন রাতে রূপনারায়ানপুরের মহাবীর কলোনির 'সপ্তশ্রী অ্যাপার্টমেন্ট'-এর বাসিন্দা হারজিৎ সিংয়ের বাড়িতে চুরির ঘটনাটি ঘটে। গৃহকর্তা বাথরুমে স্নান করার সুযোগ নিয়ে ঘরে ঢুকে হাত সাফাই করে চোর। পরবর্তীতে বিষয়টি টের পেয়েই হারজিৎবাবু রূপনারায়ানপুর পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন।

         ​অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নামে পুলিশ। নিজস্ব গোপন সূত্রে খবর পেয়ে গত বুধবার রাতে রূপনগর এলাকায় অভিযান চালিয়ে বিকি বাউরিকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, ধৃত বিকি একজন পেশাদার অপরাধী। এর আগেও বিভিন্ন এলাকায় একাধিক চুরির ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। 

       বৃহস্পতিবার ধৃতকে আসানসোল আদালতে তোলা হয়েছে। চুরি যাওয়া সামগ্রী উদ্ধার ও এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখতে পুলিশ ধৃতকে ৭ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে। ঘটনার তদন্ত চলছে।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

ইন্ডিয়া পাওয়ার কর্পোরেশন লিমিটেডের ১০৪ বছর প্রতিষ্ঠা দিবস উদযাপন