থানা থেকে আদালতে যাওয়ার পথে বিজেপি বিক্ষোভের মুখে তৃণমূল নেতা
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
দুর্নীতি, তোলাবাজি ও সন্ত্রাসের অভিযোগে গ্রেপ্তার হওয়া তৃণমূল কংগ্রেস নেতা সুকুমার দত্তকে আদালতে পেশ করার সময় দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা চত্বরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হলো। বিজেপি কর্মী-সমর্থকদের জোরালো বিক্ষোভের মুখে পড়েন ধৃত ওই শাসকদলীয় নেতা। শুধু স্লোগানই নয়, তাকে লক্ষ্য করে একের পর এক ডিম ছুঁড়ে মারা হয় বলে অভিযোগ।
পুলিশ সূত্রে জানা গেছে, দুর্গাপুরের নিউ টাউনশিপ এলাকার বাসিন্দা সুকুমার দত্তের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই এলাকায় নানা দুর্নীতি, তোলাবাজি এবং সাধারণ মানুষকে সন্ত্রস্ত করার অভিযোগ উঠছিল। সেই সমস্ত সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই বুধবার রাতে নিউ টাউনশিপ থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে।
বৃহস্পতিবার সকালে ধৃত নেতাকে দুর্গাপুর মহকুমা আদালতে নিয়ে যাওয়ার জন্য থানার
বাইরে বের করা হতেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। আগে থেকেই সেখানে ওত পেতে জড়ো হওয়া বিজেপি কর্মী-সমর্থকরা তীব্র বিক্ষোভ দেখাতে শুরু করেন। ধৃত নেতাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের পাশাপাশি জোরালো তৃণমূল বিরোধী স্লোগানে কেঁপে ওঠে গোটা এলাকা।
Comments
Post a Comment