ক্লাস চলাকালীন ছাদ থেকে খসে পড়ল প্লাস্টার, আহত তিন ছাত্র; কাঠগড়ায় সংস্কার কাজের মান


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:     


      ​বারাবনি বিধানসভা এলাকার আমনালা প্রাথমিক বিদ্যালয়ে বুধবার সকালে এক ভয়াবহ ঘটনা ঘটে। তৃতীয় শ্রেণির ক্লাস চলাকালীন হঠাৎই শ্রেণিকক্ষের ছাদের একটি বড় অংশ খসে পড়ে। এই ঘটনায় তিন ছাত্র আহত হয়েছে, যাদের মধ্যে একজনের মাথায় গুরুতর চোট লেগেছে। যদিও বর্তমানে তারা সুস্থ আছে, তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

     ​বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তু দে জানান, ক্লাস চলার সময় আচমকা প্লাস্টার খসে পড়ে। দ্রুত আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। তবে মাত্র কয়েক মাস আগেই বিদ্যালয়টির সংস্কারকাজ সম্পন্ন হয়েছিল, যার ফলে এত দ্রুত এই বিপত্তি ঘটায় নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার করেই কাজ সারা হয়েছে।

    ​ঘটনাস্থল পরিদর্শন করেন বারাবনির বিধায়ক অরিজিৎ রায়। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে সংস্কারের নামে নিম্নমানের কাজ হয়েছে। কেবল রং ও প্লাস্টারের প্রলেপ দিয়ে লক্ষ লক্ষ টাকার বিল তোলা হয়েছে।” তিনি এই ঘটনার সঙ্গে যুক্ত ঠিকাদার ও দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে অবিলম্বে কঠোর তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থার নির্দেশ দিয়েছেন। বিধায়কের দাবি, শিক্ষা পরিকাঠামোর উন্নয়নে ব্যাপক দুর্নীতি হয়েছে, যার ফল ভোগ করতে হচ্ছে কচিকাঁচাদের।

     ​এই ঘটনার পর বিদ্যালয়ের পরিকাঠামো ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে অভিভাবকদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

ইন্ডিয়া পাওয়ার কর্পোরেশন লিমিটেডের ১০৪ বছর প্রতিষ্ঠা দিবস উদযাপন