বর্ণাঢ্য সাইকেল র্যালি: পরিবেশ ও স্বাস্থ্যের বার্তায় মুখর দুই শহর
অঙ্কিতা চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
বিশ্ব সাইকেল দিবস উপলক্ষ্যে পরিবেশ রক্ষা ও শারীরিক সুস্থতার বার্তা নিয়ে রবিবার পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া বিভাগের উদ্যোগে দুই শহর সাক্ষী থাকল এক বর্ণাঢ্য সাইকেল র্যালির। প্রধানমন্ত্রীর 'ফিট ইন্ডিয়া মুভমেন্ট'-এর স্বপ্নকে বাস্তবায়িত করতে সালানপুর ব্লকে আয়োজিত হয় ‘সানডে অন সাইকেল’-এর বিশেষ সংস্করণ।
সকাল ৭টায় আছড়া যোগেশ্বর ইনস্টিটিউট ক্যাম্পাস থেকে শুরু হওয়া র্যালিটি আছড়া পঞ্চায়েত কার্যালয় পর্যন্ত পরিক্রমা করে। ‘ফিটনেসের স্বাধীনতা’র মন্ত্রকে সামনে রেখে আছড়া যোগেশ্বর ইনস্টিটিউট ও আছড়া রায় বলরাম হাই স্কুলের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো কর্মসূচিটি প্রাণবন্ত হয়ে ওঠে।
ব্লক যুব আধিকারিক উদয় কুমার পাল, প্রধান শিক্ষক সব্যসাচী মহাতো ও স্বাস্থ্যকর্মী রুমালি দাসের মতো বিশিষ্টজনেরা সাইকেল চালিয়ে প্রচার অভিযানে নেতৃত্ব দেন।
অন্যদিকে, আসানসোলেও পালিত হয়েছে রাজ্যব্যাপী ‘বাইসাইকেল ডে’। পোলো গ্রাউন্ড থেকে প্রায় ৫০০ জন সাইকেল আরোহীকে নিয়ে শুরু হওয়া এই র্যালিতে অতিরিক্ত জেলাশাসক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলো পরিক্রমা করে র্যালিটি পরিবেশ দূষণ হ্রাস ও সাইকেলের ব্যবহার বৃদ্ধির জোরালো বার্তা দেয়।
Comments
Post a Comment