শহর পরিষ্কারে ‘অ্যাড মাই বিন’ প্রকল্প, ১ সেপ্টেম্বর থেকে কড়া জরিমানা
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
পশ্চিমবঙ্গকে পরিচ্ছন্ন রাখতে রাজ্য পুর ও নগরোন্নয়ন দপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার থেকে আসানসোলে শুরু হলো নতুন কর্মসূচি— ‘অ্যাড মাই বিন’ (Add My Bin)। আসানসোল সার্কিট হাউসে প্রকল্পের উদ্বোধন করেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক এস পোন্নাবলম ও পুলিশ কমিশনার ডাঃ প্রণব কুমার।
মন্ত্রী জানান, প্রাথমিক পর্যায়ে পশ্চিম বর্ধমানের সাতটি বিধানসভা কেন্দ্রের ব্যস্ততম
এলাকাগুলিতে প্রতি ১০০ মিটার অন্তর ডাস্টবিন বসানো হবে এবং পরবর্তীতে তা গোটা রাজ্যে কার্যকর হবে। এই ডাস্টবিনগুলোর রক্ষণাবেক্ষণ ও ব্র্যান্ডিংয়ের দায়িত্ব নেবে বেসরকারি সংস্থা। যার ফলে পুরনিগমের ওপর আর্থিক চাপ কমবে। একইসঙ্গে তিনি সাফাই কর্মীদের সুরক্ষায় বিশেষ গুরুত্ব দেন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ম্যানহোল পরিষ্কারে মানুষের পরিবর্তে আধুনিক যন্ত্র ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে। কর্মীদের সুরক্ষা সরঞ্জামের টেন্ডার দুর্নীতি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন মন্ত্রী।
পাশাপাশি, জনসচেতনতা ও স্বচ্ছতা বজায় রাখতে ১ সেপ্টেম্বর থেকে রাস্তা বা জনবহুল স্থানে আবর্জনা ফেললে জরিমানার ব্যবস্থা চালু হবে। মন্ত্রী জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে ব্যস্ত এলাকায় দিনে দুবার ‘নির্মল বন্ধু’ ও ‘নির্মল সাথী’ কর্মীদের মাধ্যমে পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে। মানুষকে নতুন এই ব্যবস্থার সাথে মানিয়ে নিতে তিন মাসের সময় দেওয়া হয়েছে।
Comments
Post a Comment