আড়রা কালীনগর প্রাথমিক বিদ্যালয়ে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন
অঙ্কিতা চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
দুর্গাপুরের কাঁকসা-২ চক্রের আড়রা কালীনগর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে শনিবার যথাযোগ্য মর্যাদা ও উৎসাহের সঙ্গে 'পশ্চিমবঙ্গ দিবস' উদযাপিত হলো।
অনুষ্ঠানের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বক্তারা জানান, ১৯৪৭ সালের ২০ জুন বঙ্গীয় আইনসভায় গৃহীত সিদ্ধান্তের মাধ্যমেই পশ্চিমবঙ্গ রাজ্যের পথচলা শুরু হয়। এই ঐতিহাসিক সন্ধিক্ষণে ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর বলিষ্ঠ নেতৃত্ব ও ভূমিকার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর ব্যানার্জ্জী। এছাড়া উপস্থিত ছিলেন শিক্ষাবিদ বুদ্ধদেব মণ্ডল, অনির্বাণ চক্রবর্তী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
দিনের শুরুতেই ছিল ছাত্র-ছাত্রীদের জন্য অঙ্কন ও কুইজ প্রতিযোগিতা। পাশাপাশি নাচ, গান, আবৃত্তি ও পশ্চিমবঙ্গ দিবসের তাৎপর্য নিয়ে শিক্ষার্থীদের পরিবেশনা অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লক্ষ্মী কিস্কু ও অন্যান্য
শিক্ষক-শিক্ষিকাদের তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। নতুন প্রজন্মের মধ্যে রাজ্যের ইতিহাস ও সংস্কৃতিকে পৌঁছে দেওয়ার এমন উদ্যোগকে এলাকাবাসী ও অভিভাবকরা সাধুবাদ জানিয়েছেন।
Comments
Post a Comment