আইসি ক্লোজ: বিজেপি সমর্থকদের ওপর লাঠিচার্জের জেরে কড়া পদক্ষেপ


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, আসানসোল -:

         ​রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের আবহে উত্তপ্ত আসানসোল। বিজেপি সমর্থকদের ওপর ব্যাপক লাঠিচার্জের অভিযোগে শেষ পর্যন্ত আসানসোল দক্ষিণ থানার ইন্সপেক্টর ইনচার্জ (আইসি) অনিমেষ দাসকে সরিয়ে লাইনে ক্লোজ করা হলো। তার পরিবর্তে থানার নতুন দায়িত্ব গ্রহণ করেছেন সাইবার থানার আইসি বিশ্বজিৎ মুখার্জ্জী।
         সোমবার রাতে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর আসানসোলের জিটি রোড সংলগ্ন তৃণমূল কংগ্রেসের একটি কার্যালয়ে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে কিছু বিজেপি কর্মীর বিরুদ্ধে। খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ দ্রুত সেখানে পৌঁছায়। অভিযোগ, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে উপস্থিত বিজেপি কর্মীদের ওপর অতর্কিত ও ব্যাপক লাঠিচার্জ শুরু করে। বেশ কয়েকজন কর্মীকে রাস্তায় ফেলে মারধর করে পুলিশ ভ্যানে তুলে থানায় নিয়ে যাওয়া হয়।
         পুলিশি নিগ্রহের খবর ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ বিজেপি কর্মী-সমর্থকরা আসানসোল দক্ষিণ থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিজেপির জেলা নেতৃত্ব এই ঘটনায় পুলিশের অতিসক্রিয়তা নিয়ে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ কর্তাদের কাছে তীব্র প্রতিবাদ জানান। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে রাতেই অনিমেষ দাসকে ক্লোজ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

          ​মঙ্গলবার সকালে বিশ্বজিৎ মুখার্জ্জী নতুন আইসি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে জানানো হয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই এই রদবদল করা হয়েছে। রাজ্যে ক্ষমতার পালাবদলের সন্ধিক্ষণে পুলিশের এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়