জামুড়িয়ায় ফের ‘সিন্ডিকেট ছায়া’?
সংবাদদাতা, জামুড়িয়া -:
রাজনৈতিক পটপরিবর্তন ঘটলেও শিল্পাঞ্চল ও কয়লাঞ্চলের চিরাচরিত ‘সিন্ডিকেট’ সংস্কৃতি থেকে মুক্তি মেলেনি বলেই অভিযোগ উঠছে। জামুড়িয়া থেকে অন্ডাল—বিস্তীর্ণ এলাকায় ফের মাথাচাড়া দিচ্ছে টেন্ডার, পার্কিং এবং কয়লা লিফটিং দখলের পুরনো রোগ। ভোটের আগে যে দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছিল বর্তমান শাসক শিবির, এখন তাদেরই ঘনিষ্ঠ কিছু প্রভাবশালীর বিরুদ্ধে একই ধরনের ‘দখলদারির’ অভিযোগ তুলছেন ব্যবসায়ী ও স্থানীয়দের একাংশ।
এই মুহূর্তে সবচেয়ে বেশি উত্তপ্ত তপসি রেল সাইডিং এলাকা। স্থানীয় সূত্রের খবর, অন্ডালের এক প্রভাবশালী ‘বাহুবলী’ গোষ্ঠী সেখানে আধিপত্য বিস্তারের চেষ্টা চালাচ্ছে, যা নিয়ে কর্মীদের মধ্যে বচসা ও হুমকির ঘটনাও ঘটেছে। সবচেয়ে বিপাকে পড়েছেন মাঝারি ও ছোট কয়লা ব্যবসায়ীরা। অভিযোগ, সরকারি ডিও (Delivery Order) থাকা সত্ত্বেও গত চারদিন ধরে বহু ট্রাক লোডিং না হয়েই ফিরে যাচ্ছে। ব্যবসায়ীদের দাবি, নতুন নিয়ন্ত্রকদের সঙ্গে ‘সমঝোতা’ না করলে কাজ এগোচ্ছে না—এমন বার্তাই ঘুরছে অন্দরমহলে।
কোটি টাকার ব্যবসা যখন অনিশ্চয়তার মুখে, তখন প্রশ্ন উঠছে—মানুষ কি তবে শুধুই পতাকার রঙ বদল দেখল? সিন্ডিকেট ও কয়লা ঘিরে এই পুরনো সংস্কৃতি ফিরতে শুরু করলে শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। এখন দেখার, প্রশাসন এই ক্রমবর্ধমান ‘সিন্ডিকেট রাজ’ রুখতে কী পদক্ষেপ নেয়।
Comments
Post a Comment