পশ্চিম বর্ধমান: গণনায় ১৮ জন অবজারভার
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান-:
সোমবার পশ্চিম বর্ধমান জেলার নয়টি বিধানসভা কেন্দ্রের ভাগ্য নির্ধারণ। ভোট গণনা প্রক্রিয়া অবাধ ও স্বচ্ছ রাখতে ১৮ জন ‘কাউন্টিং অবজারভার’ নিয়োগ করল জাতীয় নির্বাচন কমিশন। প্রতিটি গণনা কেন্দ্রে কড়া নজরদারির মাধ্যমে সকাল ৮টা থেকে শুরু হবে ভোট গণনা।
রবিবার আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের স্ট্রং রুম পরিদর্শন করেন জেলাশাসক পোন্নাবলম এস। তিনি নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার পাশাপাশি আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেন। জেলাশাসক জানান, "জেলাজুড়ে গণনার জন্য ১৫০০ জন কর্মী থাকবেন, যার মধ্যে ১২০০ জন সরাসরি সরকারি গণনার কাজে যুক্ত। এছাড়া প্রার্থীদের প্রায় ১৪০০ জন কাউন্টিং এজেন্ট উপস্থিত থাকবেন।"
নিরাপত্তা প্রসঙ্গে জেলাশাসক বলেন, "ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ মোতায়েন করা হয়েছে। ড্রোন ও সিসি ক্যামেরার মাধ্যমে চলছে নজরদারি।" বিদ্যুৎ বিভ্রাট রুখতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।
এদিকে, গণনার প্রাক্কালে স্ট্রং রুমের বাইরে রাজনৈতিক উত্তাপও লক্ষ্য করা গেছে। রবিবার আসানসোল উত্তরে তৃণমূল প্রার্থী মলয় ঘটক স্ট্রং রুম পরিদর্শনে এলে বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে পারস্পরিক স্লোগান ঘিরে চাঞ্চল্য ছড়ায়। আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে আসানসোল দক্ষিণ, উত্তর, বারাবনি, কুলটি, রানিগঞ্জ ও জামুড়িয়ার গণনা হবে। দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে বাকি তিনটি কেন্দ্র- পাণ্ডবেশ্বর, দুর্গাপুর পশ্চিম ও পূর্বের গণনা সম্পন্ন হবে। সব মিলিয়ে টানটান উত্তেজনায় প্রহর গুনছে পশ্চিম বর্ধমান।
Comments
Post a Comment