​আসানসোলে অফিস উদ্ধারে কংগ্রেসের হানা, আটক ৩



অঙ্কিতা চ্যাটার্জ্জী, আসানসোল -:

     আসানসোলে রাজনৈতিক ক্ষমতার রদবদলের আবহে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল শহরবাসী। জিটি রোড সংলগ্ন বিএনআর মোড় এলাকায় তৃণমূলের একটি পার্টি অফিসকে কেন্দ্র করে কংগ্রেস কর্মীদের বিক্ষোভ ও পুনরুদ্ধারের চেষ্টায় মঙ্গলবার ব্যাপক উত্তেজনা ছড়ায়। রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর যখন চারদিকে সমীকরণ বদলাচ্ছে, ঠিক তখনই এই  চাঞ্চল্যকর ঘটনা ঘটল। দীর্ঘদিনের বন্ধ থাকা তৃণমূল কংগ্রেসের একটি পার্টি অফিস দখলমুক্ত করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়লেন কংগ্রেস কর্মীরা। এই ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

        ​মঙ্গলবার দুপুরে কংগ্রেস প্রার্থী শৌভিক মুখোপাধ্যায়ের নেতৃত্বে একদল কর্মী ওই বিতর্কিত কার্যালয়টির সামনে জড়ো হন এবং সেখানে কংগ্রেসের দলীয় পতাকা লাগানোর চেষ্টা করেন। তাদের দাবি, ২০১১ সালে রাজ্যে ক্ষমতা পরিবর্তনের সময় তৃণমূল এই অফিসটি কংগ্রেসের কাছ থেকে জোরপূর্বক দখল করেছিল। বর্তমান পরিস্থিতিতে তারা নিজেদের হৃত গৌরব ও কার্যালয় ফিরে পেতে মরিয়া।

         ​খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আসানসোল উত্তর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পুলিশ কর্মীদের সরে যাওয়ার নির্দেশ দিলেও বচসা শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তিন কর্মীকে আটক করে। বাধার মুখে পড়ে কংগ্রেস কর্মীরা জিটি রোডের ওপর প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মূর্তির পাদদেশে বসে ধর্ণায় শামিল হন। যদিও এই দখল ও পাল্টা দখলের লড়াই নিয়ে তৃণমূল বা কংগ্রেসের জেলা নেতৃত্বের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। আপাতত ওই এলাকায় পুলিশি টহল জারি রয়েছে।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়