সীতারামপুরে ধুমধামের সঙ্গে পালিত কবিগুরুর ১৬৫তম জন্মজয়ন্তী
অঙ্কিতা চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
আসানসোল রেল ডিভিশনের অন্তর্গত সীতারামপুর অমৃত ভারত স্টেশনের ঐতিহ্যবাহী টেগোর ইনস্টিটিউট রেলওয়ে হলে অত্যন্ত শ্রদ্ধা ও উৎসাহের সঙ্গে পালিত হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী। প্রবল বৃষ্টি উপেক্ষা করেই স্থানীয় শিল্পী ও রেল পরিবারের সদস্যবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক অনন্য মাত্রা পায়।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল স্থানীয় শিশু ও যুবক-যুবতীদের পরিবেশিত মনোমুগ্ধকর সাংস্কৃতিক কর্মসূচি। রবীন্দ্রসঙ্গীত ও নৃত্যের তালে মুখরিত হয়ে ওঠে গোটা প্রেক্ষাগৃহ। বিশেষ করে নিয়ামতপুর ও সীতারামপুর নিউ কলোনির তরুণীদের নৃত্য এবং এক চার বছর বয়সী খুদে শিল্পীর পরিবেশনা দর্শকদের আপ্লুত করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল ডিভিশনের এপিও-২, রেল নেতা সুনীল দত্ত এবং আদিকর্ণ ফাউন্ডেশনের চেয়ারম্যান সন্তোষ কুমার বর্মা।
তারা কবিগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি টেগোর ইনস্টিটিউটের পরিকাঠামোগত উন্নয়ন ও সাংস্কৃতিক ঐতিহ্য বজায় রাখার অঙ্গীকার করেন। অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী সকল শিল্পীকে প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া উপস্থিত ছিলেন মেন্স ইউনিয়ন, ইআরএমসি (ERMC)-এর সদস্যসহ রেলের পদস্থ আধিকারিকগণ।
Comments
Post a Comment