আন্তর্জাতিক বাজারে অস্থিরতা: দেশবাসীকে সংযত ও সঙ্কল্পবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
সংবাদদাতা, নিউজ হিন্দুস্থান -:
বর্তমান বিশ্ব পরিস্থিতিতে জ্বালানি তেল, সার ও ভোজ্য তেলের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশছোঁয়া দাম এবং সরবরাহে ঘাটতি নিয়ে দেশবাসীকে সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার তেলঙ্গানার সেকেন্দ্রাবাদে এক জনসভায় তিনি স্পষ্ট জানান, ভারত এক কঠিন চ্যালেঞ্জের মোকাবিলা করছে। আন্তর্জাতিক বাজারে অস্থিরতার জেরে দেশের বৈদেশিক মুদ্রা ভান্ডারে টান পড়ছে, যা সামাল দিতে দেশবাসীর সহযোগিতা ও 'সংযমী' জীবনযাপনের আর্জি জানিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, "করোনাকালের ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই ইউক্রেন যুদ্ধ বিশ্বজুড়ে সরবরাহ শৃঙ্খল বা সাপ্লাই চেন তছনছ করে দিয়েছে।" ভারতের নিজস্ব বড় তৈলকূপ না থাকায় পেট্রল, ডিজেল ও রান্নার গ্যাসের জন্য বিদেশের ওপর নির্ভরশীল থাকতে হয়। এই আমদানিনির্ভরতা কমাতে এবং দেশের অর্থনীতিকে সুরক্ষিত রাখতে প্রধানমন্ত্রী আগামী এক বছর বেশ কিছু ক্ষেত্রে দেশবাসীকে সঙ্কল্পবদ্ধ হওয়ার আহ্বান জানান:
বৈদেশিক মুদ্রার অপচয় রুখতে আগামী এক বছর বিদেশ ভ্রমণ এড়িয়ে চলা এবং পারিবারিক অনুষ্ঠানে নতুন সোনার গয়না না কেনার অনুরোধ করেছেন তিনি। চাষের জমিতে রাসায়নিক সারের ব্যবহার অর্ধেক কমিয়ে আনার জন্য কৃষকদের আর্জি জানান। প্রধানমন্ত্রীর মতে, কেবল দেশের জন্য মৃত্যুবরণই দেশভক্তি নয়, বরং কঠিন সময়ে দেশের প্রতি কর্তব্য পালন ও সচেতনভাবে বেঁচে থাকাও প্রকৃত দেশপ্রেম।
প্রতিবেশী দেশগুলোর অর্থনৈতিক বিপর্যয়ের উদাহরণ টেনে মোদী মনে করিয়ে দেন যে, সরকার নিরন্তর চেষ্টা করলেও জনগণের সহযোগিতা ছাড়া এই বৈশ্বিক সঙ্কট মোকাবিলা অসম্ভব। দেশের বৃহত্তর স্বার্থে সকলকে একজোট হয়ে লড়াই করার ডাক দিয়েছেন তিনি।
Comments
Post a Comment