মাধ্যমিকের ফলাফলে উজ্জ্বল আসানসোলের সুমেরা: জামুড়িয়ায় সংবর্ধনা ও শুভেচ্ছার জোয়ার


অঙ্কিতা চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

         পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হতেই খুশির হাওয়া আসানসোলের রেল পার বাবু তালাব এলাকায়। আসানসোল হাজী কদম রসুল হাই স্কুলের ছাত্রী সুমেরা রিয়াজ খান ৬৮.৮৬ শতাংশ নম্বর (৪৮২) পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। তবে সুমেরার এই সাফল্যে আসানসোলের পাশাপাশি উৎসবের আমেজ তার মামাবাড়ি জামুড়িয়াতেও।

          ​সুমেরার মামা, শিল্পাঞ্চলের সুপরিচিত সাংবাদিক ইফতিখার আলম (টনি আলম) সমাজমাধ্যমে ভাগ্নির এই সাফল্যের খবরটি শেয়ার করতেই শুভেচ্ছার ঢল নামে। রবীন্দ্র জয়ন্তীর পুণ্য লগ্নে সুমেরা তার মামাবাড়িতে উপস্থিত হলে, তাকে অভিনন্দন জানাতে ছুটে আসেন বিশিষ্ট সমাজকর্মী নিরঞ্জন সিং এবং রানা বন্দ্যোপাধ্যায়। কবিগুরুর প্রতিকৃতি ও কলম উপহার দিয়ে তারা এই মেধাবী ছাত্রীকে উৎসাহিত করেন।

       ​নিরঞ্জন সিং সুমেরার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, “মেয়েরা প্রতিটি ক্ষেত্রে এগিয়ে আসুক এটাই কাম্য। সুমেরার যে কোনো প্রয়োজনে আমি পাশে থাকব।” সমাজকর্মী রানা বন্দ্যোপাধ্যায়ও প্রতিভাকে লালন করার ওপর জোর দেন। 

        নিজের সাফল্যে অভিভূত সুমেরা জানায়, এই ফলের নেপথ্যে তার পরিবার ও স্কুলের শিক্ষকদের অবদান অনস্বীকার্য। ভবিষ্যতে আরও কঠোর পরিশ্রম করে সে দেশের মুখ উজ্জ্বল করতে চায়। সুমেরার এই সাফল্যে গর্বিত তার পরিবার ও হাজী কদম রসুল হাই স্কুল কর্তৃপক্ষ।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়