নানুরে রাজনাথ সিংয়ের রোড শো, গেরুয়া ঝড়ের ইঙ্গিত
সৌভিক সিকদার, নানুর -:
সোমবার বীরভূমের নানুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী খোকন দাসের সমর্থনে এক বর্ণাঢ্য রোড শো করলেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। কেন্দ্রীয় মন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে এদিন নানুর এলাকায় দলীয় কর্মীদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যায়। হুডখোলা ট্রাকে চড়ে রাজনাথ সিং রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের উদ্দেশ্যে হাত নাড়েন এবং প্রার্থী খোকন দাসের জয়ের আবেদন জানান। 'জয় শ্রীরাম' ধ্বনিতে এলাকা মুখরিত হয়ে ওঠে।
রাজনাথ সিং রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করে বলেন, "বাংলায় পরিবর্তন এখন সময়ের অপেক্ষা। নানুর তথা বীরভূমের মানুষ সন্ত্রাসমুক্ত পরিবেশ চাইছেন।" প্রার্থী খোকন দাস জানান, "দেশের প্রতিরক্ষা মন্ত্রীর উপস্থিতি কর্মীদের মনোবল কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।" সব মিলিয়ে, নির্বাচনের প্রাক্কালে রাজনাথের এই সফর বীরভূমের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
Comments
Post a Comment