চিকিৎসার গাফিলতির অভিযোগ: দাদু-নাতির মৃত্যুতে উত্তেজনা


​সৌভিক সিকদার, রামপুরহাট -:

          ভয়াবহ পথ দুর্ঘটনায় দাদু ও নাতির মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার রণক্ষেত্রের চেহারা নিল বীরভূমের রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। দুপুর নাগাদ বীরভূমের ভর্তা মোড় এলাকায় একটি মোটর ভ্যানের সাথে বাইকের সংঘর্ষে প্রাণ হারান ৫০ বছর বয়সী কাদের সেখ। দুর্ঘটনায় গুরুতর জখম হয় তার সাত বছরের নাতি তামিম সেখ।
​আহত শিশুকে দ্রুত হাসপাতালে আনা হলেও সেখানে চিকিৎসায় চরম গাফিলতির অভিযোগ তোলে পরিবার। তাদের দাবি, জরুরি বিভাগে কোনো সিনিয়র ডাক্তার ছিলেন না এবং দীর্ঘক্ষণ বিনা চিকিৎসায় পড়ে থাকার ফলেই শিশুটির মৃত্যু হয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই উত্তেজিত জনতা হাসপাতালে চড়াও হয়। নার্স ও স্বাস্থ্যকর্মীদের ঘিরে বিক্ষোভ শুরু করলে হাসপাতালের স্বাভাবিক পরিষেবা সাময়িকভাবে স্তব্ধ হয়ে যায়।

        ​পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করতে হয়। হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য গাফিলতির অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, শিশুটির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ছিল এবং তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করা সত্ত্বেও সিনিয়র ডাক্তার আসার আগেই তার মৃত্যু হয়। একই পরিবারের দুই সদস্যের অকাল প্রয়াণে গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত যানবাহন দুটিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়