মনোনয়ন পত্র জমা দিলেন কংগ্রেস প্রার্থী


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, আসানসোল -:

       দলীয় পতাকা সহ প্রার্থীর সমর্থনে কর্মীদের স্লোগানের মধ্যে দিয়ে বিএনআর মোড় এলাকা থেকে এক বর্ণাঢ্য পদযাত্রার মাধ্যমে মহকুমা শাসকের দপ্তরে পৌঁছে আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী হিসেবে নিজের  মনোনয়ন পত্র জমা দিলেন প্রসেনজিৎ পুঁইতন্ডী।  

       ​মনোনয়ন পত্র জমা দেওয়ার পর নির্বাচনী লড়াইয়ে আত্মবিশ্বাসী সুর শোনা যায় কংগ্রেস প্রার্থীর কণ্ঠে। তিনি বলেন,“আসানসোলের পুরনো সোনালী দিন ফিরিয়ে আনাই আমার মূল লক্ষ্য। এলাকার উন্নয়ন, কর্মসংস্থান এবং মানুষের মৌলিক চাহিদা পূরণের জন্য আমি কাজ করতে চাই। মানুষের আশীর্বাদ ও ভালোবাসা পেলে তাদের কণ্ঠস্বর হিসেবে বিধানসভায় পৌঁছে যাব।
আমরা স্বচ্ছ প্রশাসনের প্রতিশ্রুতি নিয়ে মানুষের দুয়ারে যাচ্ছি।" তিনি আশা প্রকাশ করেন, এলাকার সমস্ত প্রার্থীর কাজ ও যোগ্যতা বিচার করে নিজেদের সুচিন্তিত মতামত প্রদান করবেন।

​       ​আসানসোল উত্তর কেন্দ্রটি দীর্ঘকাল ধরেই হেভিওয়েট প্রার্থীদের লড়াইয়ের ক্ষেত্র। একদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন বিদায়ী মন্ত্রী মলয় ঘটক এবং অন্যদিকে বিজেপির শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা। এই ত্রিভুজ লড়াইয়ে কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ পুঁইতন্ডী কতটা দাগ কাটতে পারেন, তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
      ​মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য আসানসোল মহকুমা শাসক দপ্তরের সামনে কড়া পুলিশি নিরাপত্তা মোতায়েন করা হয়েছিল। এদিন কংগ্রেস কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়