ভয়মুক্ত ভোটের লক্ষ্যে কাঁকসায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, কাঁকসা -:
রাজ্যের দ্বিতীয় দফার নির্বাচনকে সামনে রেখে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হলো কাঁকসা। বুধবারের ভোটগ্রহণ যাতে সম্পূর্ণ শান্তিপূর্ণ ও অবাধ হয়, সেটা নিশ্চিত করতে মঙ্গলবার এলাকা দাপিয়ে বেড়াল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। হাতে বন্দুক ও লাঠি নিয়ে কাঁকসার পানাগড় বাজারসহ বিভিন্ন প্রান্তে রুটমার্চ করেন জওয়ানরা। সঙ্গে ছিলেন কাঁকসা থানার পুলিশ আধিকারিকরা।
এদিন রুটমার্চের পাশাপাশি বাহিনীর জওয়ানদের হাতে দেখা যায় বিশেষ ব্যানার ও মাইক। ভোটারদের আশ্বস্ত করে জওয়ানরা জানান, ভোট দিতে যাওয়ার পথে কেউ বাধা দিলে বা ভয় দেখালে সরাসরি নির্বাচন কমিশনের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে। অভিযোগ পাওয়ামাত্রই দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তারা।
গলসি বিধানসভার অন্তর্গত কাঁকসার চারটি পঞ্চায়েতে ভোট রয়েছে। এর মধ্যে বিদবিহার, বনকাটি এবং পানাগড় যথেষ্ট সংবেদনশীল এলাকা। এখানে বিগত দিনে অশান্তির ইতিহাস থাকায় সেখানে বাড়তি নজরদারি চালানো হচ্ছে এবং এলাকায় ইতিমধ্যেই দুই কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি টহলদারির জন্য সিসি ক্যামেরা সংবলিত বিশেষ ছোট গাড়ি ব্যবহার করা হচ্ছে।
নির্বাচন কমিশনের স্পষ্ট বার্তা, কোনোভাবেই অশান্তি বরদাস্ত করা হবে না। প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মোতায়েন থাকছেন এবং ভ্রাম্যমাণ গাড়িতে করে এলাকা জুড়ে চলছে নিরন্তর টহলদারি। মনে করা হচ্ছে ভোটারদের আত্মবিশ্বাস ফেরাতেই এই নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
Comments
Post a Comment