সাংবাদিক বৈঠক করে উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন বিজেপি প্রার্থী


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, কুলটি -:

       দলের একাধিক নেতা-কর্মীর উপস্থিতিতে   শুক্রবার বরাকরের একটি বেসরকারি হলে গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠক করে এলাকার গত ৫ বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন কুলটি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ড. অজয় পোদ্দার। এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও পরিকাঠামো সহ নানান ক্ষেত্রে হওয়া কাজগুলোর তিনি বিস্তারিত বিবরণ দেন।
          ড. পোদ্দার জানান, কুলটির বিভিন্ন সংগঠনকে ৩টি অ্যাম্বুলেন্স, বিভিন্ন স্কুলে ২৫টি কম্পিউটার দেওয়া হয়েছে। প্রায় ৯০০টি সোলার লাইট ও একাধিক হাইমাস্ট লাইট বসানো হয়েছে। বিধায়ক তহবিল থেকে বিভিন্ন রাস্তাঘাট নির্মাণ করা হয়েছে। তিনি বলেন, ​"আমরা কেবল প্রতিশ্রুতির রাজনীতি করি না, কাজ করে দেখিয়েছি। গত পাঁচ বছরে কুলটির সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে যা যা করা হয়েছে, আজ তার রিপোর্ট কার্ড পেশ করলাম।"
       ​ভবিষ্যতের রূপরেখা নিয়ে ড. পোদ্দার জানান, "কুলটিকে একটি আদর্শ শিল্প-শহর হিসেবে গড়ে তোলাই তার মূল লক্ষ্য।" বেকার যুবকদের কর্মসংস্থান এবং স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসারে তিনি আরও জোরালো পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দেন।
      রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র  আক্রমণ করে তিনি বলেন, "প্রায় ৬ হাজারের বেশি শিল্পকারখানা বন্ধ হয়ে পড়েছে। যার ফলে যুবসমাজ কাজের খোঁজে অন্য রাজ্যে চলে যেতে বাধ্য হচ্ছে।" তিনি অভিযোগ করেন, "পুরনিগমের ডেপুটি মেয়র থাকা সত্ত্বেও কুলটিতে কোনও উন্নয়নমূলক কাজ করা হয়নি।"  তার দাবি, "গত ১৫ বছর ধরে তৃণমূল কংগ্রেস ভয় দেখিয়ে ভোটে জিতেছে। এবার পরিস্থিতি ভিন্ন হবে। বিজেপি সরকার গঠন করবে।"

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়