বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিযুক্ত হলেন দীনেশ ত্রিবেদী
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নতুন দিল্লি -:
প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে বড়সড় কূটনৈতিক পদক্ষেপ নিল ভারত সরকার। প্রাক্তন কেন্দ্রীয় রেলমন্ত্রী তথা বর্ষীয়ান রাজনীতিক দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিযুক্ত করা হয়েছে। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে আজ আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করা হয়।
বিগত কয়েক দশকে ভারত-বাংলাদেশ সম্পর্কের গুরুত্ব বহুগুণ বেড়েছে। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা, বাণিজ্য এবং কৌশলগত নিরাপত্তার ক্ষেত্রে দুই দেশই একে অপরের ওপর নির্ভরশীল। দীনেশ ত্রিবেদীর মতো একজন অভিজ্ঞ ব্যক্তিত্বকে এই পদের জন্য বেছে নেওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।
দীনেশ ত্রিবেদী ভারত সরকারের রেলমন্ত্রীর দায়িত্ব পালন ছাড়াও দীর্ঘ সময় সাংসদ হিসেবে কাজ করেছেন। তার প্রশাসনিক দক্ষতা এবং রাজনৈতিক দূরদর্শিতা ঢাকা ও দিল্লির মধ্যে সেতুবন্ধনে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।
তাছাড়া, রেলমন্ত্রী থাকাকালীন তিনি দুই দেশের মধ্যে রেল যোগাযোগ উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। বর্তমান পরিস্থিতিতে তার এই অভিজ্ঞতা কাজে লাগবে। পশ্চিমবঙ্গের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় বাংলাদেশের ভাষা ও সংস্কৃতির সঙ্গে তার নিবিড় পরিচয় আছে। কূটনৈতিক স্তরে আলাপ-আলোচনা আরও সহজতর করবে বলে আশা করা হচ্ছে।
বিদেশ মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকদের মতে, তিস্তা জলবণ্টন চুক্তি, সীমান্ত বাণিজ্য এবং সন্ত্রাসবাদ দমনের মতো সংবেদনশীল বিষয় গুলোতে একটি ভারসাম্যমূলক অবস্থান বজায় রাখা এবং বর্তমান সরকারের বার্তা ঢাকার কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়াই হবে নতুন হাইকমিশনারের মূল চ্যালেঞ্জ। আগামী মাসেই তিনি বর্তমান হাইকমিশনারের স্থলাভিষিক্ত হয়ে ঢাকায় দায়িত্বভার গ্রহণ করবেন বলে জানা গেছে।
Comments
Post a Comment