কুলটিতে অভিজিৎ ঘটকের সমর্থনে ‘দিদি নম্বর ১’-এর মেগা রোড-শো, জনতার ঢল
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, কুলটি -:
কুলটি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিজিৎ ঘটকের সমর্থনে এক বর্ণাঢ্য রোড-শো করলেন টলিউড সুপারস্টার রচনা ব্যানার্জ্জী। পর্দার প্রিয় নায়িকাকে সামনে থেকে দেখতে এদিন জনসমুদ্রে ভাসল কুলটি।
হুডখোলা গাড়িতে প্রার্থী অভিজিৎ ঘটককে পাশে নিয়ে যখন রচনা প্রবেশ করেন, তখন উপস্থিত জনতা ফুল ছুঁড়ে এবং ‘জয় বাংলা’ স্লোগানে তাদের স্বাগত জানান। রাস্তার দু’পাশের বাড়ির ছাদ ও বারান্দাতেও মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। রোড-শো চলাকালীন ছোট ছোট পথসভায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর জনমুখী প্রকল্পগুলি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে আবারও তৃণমূলকে ভোট দেওয়ার আহ্বান জানান রচনা। তিনি বলেন, "কুলটির মানুষের এই ভালোবাসা দেখে আমি অভিভূত। আপনারা অভিজিৎ বাবুকে বিপুল ভোটে জয়ী করে বিধানসভায় পাঠান।" বাংলার মহিলাদের জন্য রাজ্য সরকারের কাজের খতিয়ান তুলে ধরে তিনি নারী শক্তিকে ভোটদানের আবেদন জানান।
তৃণমূল প্রার্থী অভিজিৎ ঘটক বলেন, "রচনাদির এই প্রচার আমাদের কর্মীদের বাড়তি অক্সিজেন দিল। কুলটির মানুষ ঠিক করে নিয়েছেন তাঁরা উন্নয়নের পক্ষেই থাকবেন। বিরোধীদের জামানত বাজেয়াপ্ত হবে।"
কুলটি কেন্দ্রে এবার লড়াই বেশ হাড্ডাহাড্ডি। এই পরিস্থিতিতে রচনা ব্যানার্জির মতো জনপ্রিয় মুখকে দিয়ে রোড-শো করানো তৃণমূলের ভোট কৌশলের একটি বড় অংশ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। বিশেষ করে মহিলা ভোটারদের মনে এই প্রচার কতটা প্রভাব ফেলে, সেটাই এখন দেখার।
Comments
Post a Comment