আসানসোলে সেন্ট্রাল ফোর্সের বাসের তাণ্ডব, পিষ্ট ঘুমন্ত ১৫ জন
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, আসানসোল -:
রবিবার গভীর রাতে আসানসোল উত্তর থানার ওকে রোড এলাকায় সেন্ট্রাল ফোর্সের একটি বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে ঘুমন্ত মানুষের ওপর উঠে গেলে অন্তত ১৫ জন আহত হন, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
স্থানীয় সূত্রে খবর, রাত তখন আনুমানিক ১১টা। ওকে রোডের ধারে বেশ কিছু মানুষ ঘুমিয়ে ছিলেন। অভিযোগ, আধাসামরিক বাহিনীর ওই বাসটি অত্যন্ত দ্রুত গতিতে এসে সরাসরি তাদের ওপর উঠে যায় এবং পিষ্ট হন ১৫ জন। তড়িঘড়ি তাদের উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের মতে, আহতদের মধ্যে ৩ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
দুর্ঘটনার পরই এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাসচালক মদ্যপ অবস্থায় ছিলেন এবং সেই কারণেই এই নিয়ন্ত্রণহীনতা। উত্তেজিত জনতা বাসটিকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করলে পরিস্থিতি রণক্ষেত্রের রূপ নেয়। খবর পেয়ে আসানসোল উত্তর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে এবং চালকের মত্ত অবস্থার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার জেরে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।
Comments
Post a Comment