গাড়ির ধাক্কায় ভাঙল রেলগেট, যানজটে নাকাল সাধারণ মানুষ
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, কুলটি-:
ফের একবার বেপরোয়া গতির বলি কুলটি স্টেশনের রেলগেট। শুক্রবার সকালে আসানসোল ডিভিশনের কুলটি স্টেশন সংলগ্ন এলাকায় গরু বোঝাই একটি ছোট হাতি গাড়ির ধাক্কায় রেলগেট ভেঙে পড়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এই দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ ভোগান্তির শিকার হন রেলযাত্রী ও স্থানীয় বাসিন্দারা।
রেল সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে ট্রেন চলাচলের জন্য গেটটি বন্ধ করা হয়েছিল। সেই সময় লালবাজারের দিক থেকে আসা ওই দ্রুতগতির ছোট হাতি গাড়িটি সরাসরি রেলগেটে ধাক্কা মারে। ঘটনার অভিঘাতে গেটটি সম্পূর্ণ ভেঙে পড়ে। কর্তব্যরত আরপিএফ জওয়ানরা তৎক্ষণাৎ তৎপর হয়ে গাড়িটিকে আটক করেন এবং চালককে নিজেদের হেফাজতে নেন। গেট ভেঙে যাওয়ায় সাময়িকভাবে রেল পরিষেবা ও যান চলাচল ব্যাহত হয়।
খবর পেয়েই রেলের ইঞ্জিনিয়াররা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মেরামতির কাজ শুরু করেন। বর্তমানে একটি অস্থায়ী লোহার গেট বসিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। আটক চালককে বারাকর আরপিএফ ইন্সপেক্টরের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, এই গেট থেকে মাত্র ১০ মিটার দূরে আরপিএফ ব্যারাক থাকা সত্ত্বেও বারবার কেন এমন দুর্ঘটনা ঘটছে? তাদের দাবি, প্রশাসনের কড়া নজরদারির অভাবে বেপরোয়া গাড়িগুলি গেট ক্ষতিগ্রস্ত করছে। যদিও আরপিএফ কর্তৃপক্ষ গাফিলতির অভিযোগ অস্বীকার করেছে। এখন দেখার, রেলের সম্পত্তি নষ্ট করার দায়ে অভিযুক্তের বিরুদ্ধে কী কড়া পদক্ষেপ নেওয়া হয়।
Comments
Post a Comment