উধাও হওয়া শিশু উদ্ধার করল আমতা থানার পুলিশ
শুভম ঘোষ, আমতা, হাওড়া - :
মাঝে মাত্র সাত ঘণ্টার ব্যবধান। অবসান ঘটল পরিবারের সদস্য সহ প্রতিবেশীদের উদ্বেগের। অত্যন্ত তৎপরতার সঙ্গে চুরি যাওয়া শিশু উদ্ধার করল হাওড়ার আমতা থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, জনৈকা মন্দিরা বাগ আমতার একটি নার্সিংহোমে শিশু সন্তানের জন্ম দেন। পরে শিশুটির মা অসুস্থ হয়ে পড়ায় তাকে আমতা গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। শিশুটি ছিল তার দিদিমার কোলে। হঠাৎ অচেনা এক মহিলা নিজেকে হাসপাতালের কর্মী বলে পরিচয় দিয়ে শিশুটিকে দেখভাল করার কথা বলে দিদিমার কোল থেকে শিশুটিকে চেয়ে নিয়ে উধাও হয়ে যায়।
দীর্ঘসময় ধরে শিশুটির সন্ধান না পাওয়ায় দিদিমা ঘটনাটি হাসপাতালে উপস্থিত আত্মীয়দের বললে হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা হাসপাতালে ভাঙচুর চালায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আমতা থানার পুলিশ এলে তাদের ঘিরেও বিক্ষোভ দেখানো হয়।
তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখতে পায় ঘটনার সময় লাল শাড়ি পরিহিতা এক মহিলা একটি শিশুকে নিয়ে টোটোয় চেপে পালাচ্ছে। সঙ্গে সঙ্গে নাকা তল্লাশি শুরু হয়। শেষপর্যন্ত পুলিশের তৎপরতার জন্য আমতার মিল্কিচক এলাকা থেকে শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করা সম্ভব হয় এবং ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক মহিলাকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। যদিও পরে প্রত্যেকেই পুলিশের ভূয়সী প্রশংসা করেন।
পুলিশের তৎপরতার ভূয়সী প্রশংসা করে উলুবেরিয়া উত্তর কেন্দ্রের বিধায়ক ডা. নির্মল মাজি বলেন, বোঝাই যাচ্ছে এটা পূর্ব পরিকল্পিত এক ন্যক্কারজনক ঘটনা। যে মহিলা শিশুটিকে নিয়ে গিয়েছিল তার পাশের বাড়িতে বিজেপির মন্ডল সভাপতি থাকেন। তিনিই আবার শিশু চুরির অভিযোগ তুলে হাসপাতালে ভাঙচুরের নেতৃত্ব দেন। তাই বিষয়টি যথেষ্ট সন্দেহজনক। যাইহোক, সবচেয়ে স্বস্তির বিষয় হলো শিশুটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আমি এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে অনুরোধ করব। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তারজন্য প্রত্যেককে সতর্ক থাকতে অনুরোধ করব।
Comments
Post a Comment